আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থেকে আজ নিজেদের মাঠে পয়েন্ট টেবিলের তৃতীয় দল সাউদাম্পটনের মুখোমুখি হবে। এছাড়া সমানসংখ্যক খেলায় গানার্সদের চাইতে দুই পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল আতিথ্য নেবে এভারটনের মাঠে। এছাড়া ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে খেলতে যাবে চেলসি।
সাউদাম্পটন পয়েন্ট টেবিলে আর্সেনালের সাথে শীর্ষে অবস্থান নেয়ার লক্ষ্য নিয়েই এদিন এমিরেটস স্টেডিয়ামে নামবে। তার জন্য অবশ্য জয়ের বিকল্প নেই কোচ মরিসিও পচেত্তিনোর দলটির সামনে। স্বাগতিকদেরকে দুই গোলের ব্যবধানে পরাজিত করতে পারলেই শীর্ষস্থান নিশ্চিত করতে পারবে দলটি। এজন্য অবশ্য লিভারপুল এবং এভারটনের খেলাটির ফলাফলের জন্যও অপেক্ষা করতে হবে। কারণ সমানসংখ্যক খেলায় লিভারপুল সাউদাম্পটনের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে।
প্রিমিয়ার লিগের ১১ খেলায় আর্সেনালের পয়েন্ট ২৫ এবং সমানসংখ্যক খেলায় ২৩ পয়েন্ট পেয়েছে সাউদাম্পটন। চলতি মৌসুমে পচেত্তিনোর দলটি কেবল এক খেলায় হেরেছে এবং তাদের লক্ষ্য টানা নবম জয় তুলে নেয়া। যদিও গত মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে সাউদাম্পটন ৬-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।
কোচ আর্সেন ওয়েঙ্গারের দল লিগে নিজেদের শেষ খেলায় ওল্ড ট্রাফোর্ডে স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছিল। এই হারের ক্ষতিটা নিজেদের মাঠে পুষিয়ে নিতে চাইবেন ওয়েঙ্গার। তবে শেষ চারবারের মুখোমুখিতে তিনবারই ড্র করেছে দল দু’টি। আর্সেনালে যোগ দেয়া মেসুত ওজিলের প্রশংসা করে পচেত্তিনো বলেন, ‘সে জার্মানীর হয়ে খেলার সময় থেকেই নিজের মেধা এবং দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। খেলোয়াড় হিসেবে তাকে আমি ইউরোপ অঞ্চলের সেরা ১০ খেলোয়াড়ের মধ্যে রাখবো।’
প্রতিপক্ষের জয়ের আশা প্রকাশ করে সাউদাম্পটন কোচ বলেন, ‘আমি মনে করি এখন পর্যন্ত আর্সেনাল লিগে সব থেকে সুন্দর ফুটবল খেলছে। তবে আমরাও ভাল একটি খেলা উপহার দেব।’ এদিকে আক্রমণভাগের খেলোয়াড় থিও ওয়ালকট দীর্ঘদিন পর দলে ফিরতে যাওয়ায় আর্সেনালের শক্তি বাড়বে। ওয়েঙ্গার এই ফরোয়ার্ডের খেলা নিশ্চিত করে বলেন, ‘সে দীর্ঘদিন খেলার বাইরে ছিল। তবে ওয়ালকট শনিবারের খেলায় মাঠে নামবে।’ ওয়ালকট ২০০৬ সালে আজকের প্রতিপক্ষ সাউদাম্পটনের থেকেই আর্সেনালে যোগ দিয়েছিলেন।
লিভারপুল এদিন শীর্ষ অবস্থানে উঠার লক্ষ্য নিয়ে আজ নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের মাঠে খেলতে যাবে। স্বাগতিক কোচ রবার্টো মার্টিনেজ চাইবেন এই খেলায় লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলে নগর প্রতিদ্বন্দ্বীদের সাথে অবস্থান নিতে। স্বাগতিকরা আগের চারটি খেলায় অপরাজিত আছে; যার মধ্যে শেষ দু’টি আবার গোলশূন্যভাবে শেষ হয়।
মার্টিনেজ অবশ্য খেলার দিকেই তাকিয়ে আছেন, ‘মার্সেসাইড ডার্বির জন্য প্রস্তুতি নিতে পেরে আমি খুশি। আমি খেলাটার জন্য অপেক্ষা করছি। ডার্বিতে জয় পাওয়া যে কোনো দলের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই খেলায় জয় তুলে নিতে পারি তাহলে আমার ধারণা, লিগে আমরা দারুণ কিছু করে দেখাতে পারবো।’
স্বাগতিকদের রক্ষণভাগে শক্তি যোগাতে ইনজুরি সেরে আজ মাঠে নামবেন ডিফেন্ডার টনি হেবার্ট। লিভারপুলের বিপক্ষে শেষ পাঁচবারের মুখোমুখিতে অপরাজিত আছে এভারটন। এই দুই প্রতিদ্বন্দ্বী আগের মৌসুমে নিজেদের মধ্যকার সব ক’টি খেলায় ড্র করেছিল। এছাড়া এপর্যন্ত পরস্পরের মুখোমুখিতে লিভারপুল জয় পেয়েছে ৮৮টি খেলায় এবং এভারটন জিতেছে ৬৬টিতে।
চেলসি লিগে শেষ দুই খেলায় জয়শূন্য থাকলেও আজ জয়ের লক্ষ্য নিয়ে লন্ডনের প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট হ্যাম উইনাইটেডের মাঠে আতিথ্য নেবে। আগের দুই খেলার মধ্যে আবার ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল কোচ হোসে মরিনহোর দলটি। ২১ পয়েন্ট নিয়ে চেলসি এখন লিগের চতুর্থ অবস্থানে আছে।
মরিনহো চাইবেন এই খেলায় ইনজুরি থেকে ফেরা ফার্নান্দো তোরেস খেলবেন। স্যামুয়েল ইতো কিংবা তোরেসের মধ্য থেকে যেকোনো একজন প্রথম একাদশে থাকবেন। এছাড়া জুয়ান মাতা এবং ডেভিড লুইজও দলে ফিরতে পারেন। তবে আজ মাঠে নামবেন না অ্যাশলি কোল। স্বীকৃত কোনো স্ট্রাইকার ছাড়া খেলতে থাকা কোচ স্যাম অ্যালার্ডিচের দলটি এর আগের তিন খেলায় মাত্র একটি গোল করেছে।
ওয়েস্টহ্যাম বলেন, ‘আমাদের প্রত্যেক খেলোয়াড়কে তাদের সেরাটা দিয়ে খেলতে হবে। তা না হলে আমাদের জীবন কঠিন হয়ে উঠবে।’
