আবার লড়াইয়ের ময়দানে বার্সা মাদ্রিদ

আপডেট : ২২ নভেম্বর ২০১৩, ২২:০৬
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয়েই আন্তর্জাতিক বিরতির পর আজ শনিবার আবার স্প্যানিশ লিগের শিরোপা ধরে রাখা ও পুনরুদ্ধার প্রয়াসে মাঠে নামছে। ইনজুরিতে বিপাকে পড়া চ্যাম্পিয়ন বার্সেলোনা নিজ মাঠে মুখোমুখি হবে অষ্টম স্থানে থাকা গ্রানাডার। সে তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক জয়জয়কারের মধ্যে অ্যালমেইরার মাঠে খেলতে যাবে শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ। কোচ জেরার্ডো মার্টিনোর বার্সেলোনা লিগে এখনো অপরাজিত এবং টানা পঞ্চম জয়ের পর মাঠে নামবে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১৩ খেলায় তারা কেবল দুই পয়েন্ট নষ্ট করেছে। তবে গ্রানাডাও গত দুইটি খেলায় জিতেছে। কাজেই লিওনেল মেসি ইনজুরিতে থাকায় বার্সেলোনার সাথে এ খেলাটি উত্তেজনাপূর্ণ হতে পারে। মেসি একাই শুধু ইনজুরিতে পড়েননি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে আঘাত পেয়েছেন স্প্যানিশ গোলরক্ষক ভিক্টর ভালদেস। জোহানেসবার্গে অনুষ্ঠিত খেলাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ১-০ গোলে পরাস্ত হয়। তাতে খেলতে গিয়ে ভালদেস ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ায় পরিস্থিতি সুখকর নয় বার্সার জন্য। কারণ এর আগেই ইনজুরির তালিকায় উঠেছে ডিফেন্ডার জেরার্ড পিকে, জোর্ডি আলবা ও ড্যানিয়েল অ্যালভেজ ও ফরোয়ার্ড সেসক ফেব্রেগাসের নাম। বার্সেলোনার গোল মেশিন মেসি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বছরের শুরুর দিকে ছাড়া আর খেলতে পারবেন না। এর মধ্যেই ৩১ বছর বয়সী ভালদেসকে নিয়ে দুশ্চিন্তায় পড়তে হলো কাতালান ক্লাবটিকে। ভালদেসের অনুপস্থিতিতে অভিজ্ঞ হোসে ম্যানুয়েল পিন্টো দলীয় গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন। তার মধ্যে আবার কোচ মার্টিনোর দল এর আগে দুই দফায় আন্তর্জাতিক বিরতির পর খেলতে নেমে জয় পেতে দুর্দশায় পড়েছিল। সেপ্টেম্বরে এরকম এক খেলায় অ্যালেক্সি স্যানচেজের ৯৪ মিনিটে দেয়া গোলে সেভিয়ার বিরুদ্ধে জিতেছিল বার্সেলোনা। ওসাসুনার বিরুদ্ধে গত মাসের খেলাটিতেতো গোলশূন্য ড্রয়ে বাধ্য হয় শিরোপাধারীরা। কিন্তু সেটাই চলতি মৌসুমে আজকের আগ পর্যন্ত একমাত্র পয়েন্ট খোয়ানোর ঘটনা। নইলে নিজেদের মাঠে গত ২১টি খেলাতেই জয় বজায় রেখেছে বার্সা। রিয়াল মাদ্রিদ আশা করবে রোনালদো জাতীয় দলের হয়ে সাফল্যের সাথে দায়িত্ব পালনের পর ক্লাবের সাথেও একই নৈপুণ্যের পুনরাবৃত্তি ঘটাবেন। পর্তুগাল যে ইউরোপীয় প্লে অফের দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল তাতে সবক’টি গোলই করেন রোনালদো। এর মধ্যে গত মঙ্গলবার ফিরতি লেগে তো পর্তুগীজ স্ট্রাইকারটি হ্যাট্রিকই করেন। রোনালদো তার আগে লা লিগাতেও দুর্দান্তপনা দেখিয়েছিলেন। রিয়ালের হয়ে ১৩ খেলায় ১৬ গোল করেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার। শুধু তাই নয় গোলদাতাদের তালিকায় নিকটতম প্রতিদ্বন্দ্বী দিয়েগো কস্তার চাইতে তিনটি বেশি করেছেন তিনি। কাজেই শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ছয় পয়েন্টের ব্যবধান গোছাতে তৃতীয় স্থানে রিয়াল চাইবে রোনালদো এই গোলক্ষুধা অব্যাহত রাখুন। কোচ কার্লো অ্যানচেলোত্তির খেলোয়াড়রা কিছুটা বিলম্বে হলেও গোলের ধারা খুঁজে পেয়েছেন। সর্বশেষ তিন খেলাতে মাদ্রিদের ১৫ গোল তাই প্রমাণ করে। এর মধ্যে আছে রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে ৫-১ গোলের জয়টিও। এটিই ছিল আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে স্প্যানিশ জায়ান্টদের শেষ খেলা। পর্তুগিজ রোনালদো আসন্ন দায়িত্ব সম্পর্কে সচেতন আছেন। তাই ক্লাবের ওয়েবসাইটে বলেন,‘জাতীয় দল নিয়ে আমাদের কঠিন কটা দিন গেছে। তবে এখন পরবর্তী খেলার আগে নিজেদের প্রস্তুতির জন্য দুই দিন পাওয়া যাবে। এখন আমার এবং দলসঙ্গীদের একমাত্র লক্ষ্য অনুশীলন করা যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা তাদের দল নিয়ে গর্ব অনুভব করতে পারে।’ কোচ অ্যানচেলোত্তিকে অবশ্য তার মাঝমাঠ সমন্বয় করতে হবে। কেননা জার্মানির হয়ে খেলতে গিয়ে স্যামি খেদিরা হাঁটুতে আঘাত পাওয়ায় খেলতে পারবেন না। খেদিরাকে কমপক্ষে ছয় মাস মাঠের বাইরে কাটাতে হবে।