বৃহস্পতিবার প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হওয়া ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় দুঃসংবাদ আগ্রাসী ওপেনার ক্রিস গেইলের ইনজুড়ি। ম্যাচের শুরুতেই বাম পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন গেইল।
গেইলের ইনজুড়ি পরীক্ষা করা ডাক্তাররা জানিয়েছেন, ইনজুড়ি থেকে সেরে উঠতে তার দুই থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাত্ তিন ম্যাচ সিরিজের বাকি দু’ম্যাচে গেইলের খেলা এক প্রকার নিশ্চিতই।
তাড়াতাড়ি ক্রিজে পৌঁছতে মরিয়া হয়ে নিজেই ডাইভ দিয়ে আঘাত পাওয়া গেইলকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউটের শিকার হওয়া গেইলকে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেন।
অর্থপেডিক সার্জন বিপিন থেরুবিলের নেতৃত্বে মেডিকেল ট্রাস্ট হাসপাতালের ডাক্তাররা প্রথমে স্টেডিয়ামে গেইলকে পরীক্ষা করেন এবং এরপর তাকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে এমআরআই করে দেখা গেছে তার বাম পায়ের পেশীর একটা শিরা ছিঁড়ে গেছে এবং সামান্য রক্ত জমাট হয়ে আছে।
ডা. বিপিন জানান, ‘ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে।’
এ ইনজুরির ফলে কেবল মাত্র ভারত সফর নয়। আগামী মাসে দলের নিউজিল্যান্ড সফরেও গেইলকে পাওয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। —বাসস
