আসছে ৬৪-বিটের অ্যান্ড্রয়েড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২০:০৫
আইফোন ৫-এ এসে অ্যাপল চমক দেখিয়েছে প্রথম ৬৪-বিটের কোনো স্মার্টফোন তৈরি করে। তবে অ্যান্ড্রয়েডও থেমে নেই আইফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতায়। এবারে অ্যান্ড্রয়েডও আসছে ৬৪-বিটে। ইন্টেল অ্যাটম প্রসেসরে ৬৪-বিটের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি প্রোটোটাইপ সম্প্রতি প্রদর্শন করা হয়েছে। ইন্টেলের মোবাইল অ্যান্ড কমিউনিকেশন গ্রুপের জেনারেল ম্যানেজার হারম্যান ইউল জানিয়েছেন, বে ট্রেইল অ্যাটম প্রসেসরে ৬৪-বিটের অ্যান্ড্রয়েড প্রোটোটাইপ তৈরি করেছেন তারা। এক সম্মেলনে তিনি বলেন, ‘উইন্ডোজে ৬৪-বিট নিয়ে আমরা অনেকদিন থেকেই কাজ করছি। তবে অ্যান্ড্রয়েড যেহেতু এই সময়ের অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, তাই এই প্ল্যাটফর্মের ডিভাইসগুলোও যেন ৬৪-বিটের স্বাদ উপভোগ করতে পারে, সে জন্য আমরা দ্রুতগতিতে কাজ করে যাচ্ছি।’ ইউলের হিসেবে আগামী বছরের শুরুর দিকেই বাজারে এমন ৬৪-বিটের অ্যান্ড্রয়েডের দেখা মিলবে। অবশ্য এই মাসের শুরুর দিকে স্যামসাংও জানিয়েছে ৬৪-বিটের অ্যান্ড্রয়েড বাজারে ছাড়ার। অ্যান্ড্রয়েডেও ৬৪-বিট তাই এখন সময়ের ব্যাপার বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।