আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসুন

আপডেট : ২৩ নভেম্বর ২০১৩, ২১:৪১
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, সরকারের দারিদ্র্য বিমোচন এবং সৃজনশীল কর্মসূচিতে সহায়তার পাশাপাশি একটি মানবিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার প্রাণান্তকর প্রয়াস চলছে। ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান তার মুনাফার সামান্য অংশ আর্ত-মানবতার সেবায় ব্যয় করে মানবিক এই কর্মকাণ্ডে যুক্ত হতে পারে। শনিবার রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংক আয়োজিত ‘আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যাংকের পরিচালনা পর্যদের চেয়ারম্যান এম আমানউল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ব্যবস্থাপনা পরিচালক এম এহসানউল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর ‘আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’র আওতায় ৭৫৭ জন ছাত্র-ছাত্রীকে এক কোটি টাকা শিক্ষা বৃত্তি প্রদান করছে মার্কেন্টাইল ব্যাংক।