বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে ৫৪ রান। এর আগে ইংল্যান্ডে গিয়ে চার ইনিংসে সব মিলিয়ে ৩১ রান। সর্বশেষ মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টেই একটি করে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দীর্ঘদিন ফর্মহীনতায় থাকা ম্যাককালাম দ্রুতই রান পেতে মরিয়া হয়ে উঠেছেন। নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানিয়েছেন তিনি। মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ‘অধিনায়ক হিসেবে আমার রান পাওয়াটা সব সময়ই জরুরী। এর ফলে দলের বাকি সব খেলোয়াড় অনেক স্বস্তিতে খেলা চালিয়ে যেতে পারে। আমি সব সময়ই সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চাই।’বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডে’র পরই পিঠের ইনজুরির কারণে দেশে ফিরে যেতে হয় ম্যাককালামকে। ফলে চলমান শ্রীলঙ্কা সিরিজ খেলা হচ্ছে না তার। সামনে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে ফিরে আসার সম্ভাবনা রয়েছে তার।
