ব্যাংকিং খাতের প্রভাবে সূচক কমেছে ডিএসই'র

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৮
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দ্বিতীয় দিনের মতো দর সংশোধন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে সূচক কমেছে ৭১ পয়েন্ট। এর আগের কার্যদিবসেও সূচক কমেছিল প্রায় ৪৩ পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তায় সূচক প্রায় আড়াইশ’ পয়েন্টের মতো বেড়েছিল। এরপর কিছুটা দর সংশোধন হওয়াই স্বাভাবিক। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্রখাত। এ খাত ঘিরে লেনদেন হয়েছে ১৩৮ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ২১ ভাগ। এরপরই ছিল জ্বালানি ও ইঞ্জিনিয়ারিং খাত। ব্যাংকিং খাতেও লেনদেন হয়েছে প্রায় প্রায় ৬২ কোটি টাকা। তবে ডিএসই’র সূচক পতনে সবচেয়ে বেশি প্রভাব ছিল ব্যাংক খাতেরই। এ খাতের সবগুলো কোম্পানিরই দর কমেছে। আগের দিনের তুলনায় এ খাতের শেয়ারের দর কমেছে প্রায় আড়াই শতাংশ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৭১ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৫৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫৯ কোটি ৪ লাখ ৩ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৬৯ কোটি ৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের। ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের যমুনা অয়েলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। ডিএসই জানিয়েছে, ডিএসই’র সদস্য স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ স্টক ডিলারের সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির আবেদনে প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্টক ডিলারের সনদ প্রদান করে।