গ্রাহক স্বার্থ সংরক্ষণে অভিন্ন নীতিমালা করছে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ১৯:৪৯
ব্যাংক গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে একক ও অভিন্ন নীতিমালা করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালাতে অভিযোগ নিষ্পত্তিতে ব্যর্থ সকল ব্যাংকের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত ব্যাংকগুলোর নিজস্ব নীতিমালার আলোকে ব্যাংক ব্যবস্থা নেয়া হয়। এমনকি কোন অভিযোগ নিষ্পত্তি না করলেও কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অভিযোগ নিষ্পত্তির সময় এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করলে কি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে তাও নতুন নীতিমালায় অন্তর্ভুক্ত থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে সব ব্যাংকের অভিযোগ সেলের প্রধানদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিজেদের গ্রাহক স্বার্থ সংরক্ষণ কার্যক্রমের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে। এসব ব্যাংক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞতার আলোকে শিগগিরই নীতিমালার খসড়া প্রণয়ন করা হবে। ওই খসড়ার ওপর আবার ব্যাংকগুলোর মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিকভাবে গ্রাহকের স্বার্থ দেখার জন্য ব্যাংকগুলোকে কিছু দিক-নির্দেশনা দেয়া হয়েছে।