বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো’র বড় জয়

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫২
বুধবার গালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সুস্থ হয়ে ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। আলমেইরার বিপক্ষে গত শনিবার রাতে লা লিগায় ৫-০ গোলের জয়ের ম্যাচে রিয়ালের এই তারকা সামান্য পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। একই দিনে বড় জয় পেয়েছে আরেক জায়ান্ট ক্লাব বার্সেলোনা। নিজেদের মাঠে গ্রেনাডাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। আর হোম ম্যাচে গেটাফেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। জয় পেয়েছে ৭-০ গোলে। চলতি মৌসুমে নিজের দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র তিনি মিনিটের মধ্যেই আলমেইরার মাঠে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। কিন্তু দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মধ্যে সামান্য পেশীর টান অনুভব করলে তার পরিবর্তে জেসে রডরিগুয়েজকে নামানো হয়। তবে ম্যাচ শেষে এই ইনজুরি ততটা গুরুতর নয় বলেই রোনালদো ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছেন। রিয়ালের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘শুধুমাত্র সাবধানতার জন্যই আমাকে বদল করা হয়েছিল। বিষয়টি তেমন গুরুতর কিছু নয়। প্রথমার্ধে আমার পায়ে আঘাত লাগায় পেশীটা কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। আমি স্বাচ্ছন্দ্য অনুভব করছিলাম না।’ দলের তারকার ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, আমার মনে হয় না ইনজুরি খুব একটা গুরুতর। কারণ সে পায়ে কোন ব্যথা অনুভব করছে না। এটা শুধু পেশীর টান, তাই তার দ্রুত সুস্থ হয়ে উঠার আশা করছি। রোনালদোর ইনজুরির রাতে লস ব্ল্যাঙ্কোসদের জন্য আরেকটি দারুণ ম্যাচ ছিল গতকাল। শেষ চারটি লিগ ম্যাচে তাদের গোলসংখ্যা এখন ২০। প্রথমার্ধে রোনালদোর একমাত্র গোলে এগিয়ে থাকা রিয়াল দ্বিতীয়ার্ধে যেন অন্য চেহারায় আবির্ভূত হয়। রোনালদো মাঠ ছেড়ে বেরিয়ে যাবার দুই মিনিটের মধ্যে করিম বেনজেমা ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটে গ্যারেথ বেল তৃতীয় গোল করলে রিয়ালের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই নিয়ে গত পাঁচ ম্যাচে এটি ছিল বেলের চতুর্থ গোল। ৭৫ ও ৮০ মিনিটে ইসকো ও আলভারো মোরাতা শেষ দুটি গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার তুলনায় এখন রিয়ালের পয়েন্টের ব্যবধান দাঁড়ালো মাত্র ছয়। মিডফিল্ডার সামি খেদিরা গত সপ্তাহে ইতালির বিপক্ষে জার্মানীর ১-১ গোলের ড্রয়ের ম্যাচে লিগামেন্ট ইনজুরিতে পড়লে আনচেলত্তি তার দলের ফর্মেশন ৪-৩-৩ থেকে পরিবর্তন করে ৪-২-৩-১ এ আনতে বাধ্য হন। কিন্তু আসিয়ের ইলারমেনডি এবং ইসকো দলে ফিরেই দারুণ পারফরমেন্সের মাধ্যমে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। বিশেষ করে এই দু’জনসহ পুরো দলের পারফরমেন্সে দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি। তার মতে, ভিন্ন ভিন্ন ফর্মেশনের সাথে মানিয়ে খেলতে পারাটা অত্যন্ত জরুরি। তবে আন্তর্জাতিক দায়িত্ব শেষে ক্লাবে ফিরে এসে পুনরায় ভাল পারফর্ম করে বড় জয় পাওয়ায় আনচেলত্তি স্বস্তি প্রকাশ করেছেন। লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে আছে এখন বার্সেলোনা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। দিনের অপর ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ৪-৩ গোলে হারিয়েছে সেল্টা ভিগোকে।-বাসস এক নজরে বার্সেলোনা ৪ গ্রেনাডা ০ রিয়াল সোসিয়েদাদ ৪ সেল্টা ভিগো ৩ আলমেইরা ০ রিয়াল মাদ্রিদ ৫ অ্যাটলেটিকো মাদ্রিদ ৭ গেটাফে ০