বায়ার্নের সামনে দাঁড়াতেই পারলো না ডর্টমুন্ড

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫২
জার্মান মিডফিল্ডার মারিও গোয়েতজে বদলি বেঞ্চ থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বায়ার্ন মিউনিখের জন্য দারুণ এক জয়ের ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেছেন। তার দেয়া প্রথম গোলের পরে অপ্রতিরোধ্য বায়ার্ন গত শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে জার্মান ক্ল্যাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ গোলে সহজেই পরাজিত করেছে। অথচ এই ডর্টমুন্ডেই ক্যারিয়ারের ১২টি বছর কাটিয়েছেন গোয়েতজে। এবারের মৌসুমে গত জুলাই মাসে তিনি শেষ পর্যন্ত বরুসিয়ার মায়া ত্যাগ করে ৩৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে পাড়ি জমান। আর তাই বরুসিযার জনপ্রিয় সিগন্যাল ইডুনা পার্কে স্বাগতিক সমর্থকরাও ছিল তার বিপক্ষে। থমাস মুলারের পাস থেকে ৬৬ মিনিটে প্রথম গোল করে ২১ বছর বয়সী এই তারকা বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। শেষ পাঁচ মিনিটে আরিয়েন রবেন এবং মুলার আরো দুটি গোল করলে ডর্টমুন্ডের আশা শেষ হয়ে যায়। ম্যাচ শেষে ডাচ উইঙ্গার রবেন বলেছেন, ‘আজকের ম্যাচের ৩-০ গোলের জয়টা ছিল অসাধারণ। কিন্তু তারা আমাদের সাথে প্রায় সমান তালে লড়াই করেছে। আর তাই প্রথম গোলের পরেই আমরা অনেকটা স্বস্তি ফিরে পাই। তারাও অনেকগুলো সুযোগ পেয়েছে। কিন্তু সময়মত কাজে লাগাতে পারেনি। ডর্টমুন্ডের বিপক্ষে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। অনেক খেলোয়াড়ই স্বপ্ন থাকে এ ধরনের একটি ম্যাচে অংশ নেবার।’ বর্তমান চ্যাম্পিয়নদের জন্য এটি ছিল বরাবরের মতই প্রাধান্য বিস্তারকারী পারফরমেন্স। আর এই নিয়ে টানা ছয়টি বুন্দেসলিগা ম্যাচে ডর্টমুন্ডকে পরাজিত করলো বায়ার্ন। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে বায়ার্নের এই জয়যাত্রা শুরু। সর্বশেষ মে মাসে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে বায়ার্ন ডর্টমুন্ডকে পরাজিত করে শিরোপা লাভ করে। ম্যাচের আগেই অবশ্য ডর্টমুন্ড শিবিরে ইনজুরি দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। সেন্টার ও লেফট ব্যাকে তাদের দুই জার্মান জাতীয় দলের ডিফেন্ডার ম্যাটস হামেলস এবং মার্সেল শামেলজার উভয়ই আন্তর্জাতিক দায়িত্ব শেষে ইনজুরি নিয়ে দলে ফিরেছেন। কিন্তু এসব কিছু বায়ার্নের বিপক্ষে পরাজয়ের মূল কোন কারণ হতে পারে না। বরং তাদের এই পরাজয়ে বায়ার্ন বুন্দেসলিগায় টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরেকবার বাড়িয়ে নেবার সুযোগ পেল। এই জয়ে বায়ার্ন বর্তমানে তৃতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের তুলনায় সাত পয়েন্ট এগিয়ে গেল। অপর ম্যাচে বেয়ার লেভারকুসেন হার্থা বার্লিনকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আর এর মাধ্যমে বুধবার চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেরে বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে নিজেদের অনুশীলনটাও বেশ ভালভাবেই সেড়ে নিয়েছে। স্ট্রাইকার স্টিফেন কিয়েসলিং ২৯ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন। এই নিয়ে আট ম্যাচে এটি ছিল তার ১৩তম লিগ গোল। দুর্দান্ত পারফরমেন্স সত্ত্বেও কিয়েসলিং ‘কোন বিশেষ’ কারণে ২০১০ সালের পরে কোচ জোয়াকিম লো’ বিবেচনায় জার্মান দলে কিয়েরলিং এখনো আসতে পারছেন না তা অনেকেরই অজানা।-বাসস এক নজরে ফ্রাঙ্কফ্রুট ৩ শালকে জিরো ফোর ৩ অগসবার্গ ২ হোফেনহেইম ০ হার্থা বার্লিন ০ বেয়ার লেভারকুসেন ১ নার্নবার্গ ১ উলভসবার্গ ১ ব্রসশেইগ ০ ফ্রেইবার্গ ১ বরুশিয়া ডর্টমুন্ড ০ বায়ার্ন মিউনিখ ৩