টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া লঙ্কানরা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৩, ২০:৫২
গত তিন আসরের মধ্যে দু’বার রানার্স আপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরতে হয়েছে শ্রীলংকাকে। তাই আসন্ন ২০১৪ বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে দলটি। এমনটাই জানালেন দলের কোচ গ্রাহাম ফোর্ড। আগামী বছর মার্চে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার সময় যদিও শ্রীলংকা দলের সঙ্গে কোচ গ্রাহাম ফোর্ড থাকবেন না। তবে এ টুর্নামেন্টের প্রস্তুতিতে লংকানরা সঠিক পথেই রয়েছে বলে বিশ্বাস তার। গত ২১ নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজ মাঠে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে শ্রীলংকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধেসহ আরো পাঁচটি টি-২০ খেলবে লংকানরা। যা লংকানদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করবে। ফোর্ড বলেন, ‘এ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ যেভাবে চলে আসছে তাতে শ্রীলংকার শিরোপা জয়ের ভাল সম্ভাবনা আছে। বেশ কিছুদিন যাবত্ তারা টি-টোয়েন্টি ক্রিকেট ভাল খেলে আসছে এবং আমরা তুলনামূলক ফেভারিট গ্রুপে পড়েছি। তাছাড়া কন্ডিশন আমাদের সহায়ক হবে এবং বাড়তি পাওনা হচ্ছে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের একটি সিরিজ আছে।’ ব্যাটিংয়ের প্রতি উত্সাহ ও কৌশলের উন্নতিকল্পে ফোর্ডের সময়ে শ্রীলংকায় বিশেষ অনুশীলন সেশন করা হয়েছে। এমন অনুশীলন থেকে লংকান ব্যাটসম্যানরা যথেষ্ট উপকৃত হয়েছেন এবং নতুন নতুন স্টোক খেলে যথেষ্ট সফলতা পেয়েছেন। নতুন এমন কৌশলের কারণেই দলটি ২০১২ সালের সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি ক্রিকেট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, ‘স্বাধীনভাবে খেলা এবং নতুন কিছু উদ্ভাবন করাটা গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে এ ক্ষেত্রে সবচেয়ে ভাল উদাহরণ তিলকরত্নে দিলশান। বিশেষ করে টি-২০ ক্রিকেটে সে যে কোন নতুন স্টোক উদ্ভাবন করে খেলতে পারে। এ ক্ষেত্রে আমাদের দলের উন্নতি হওয়ায় আরো বেশি খেলোয়াড় যাতে এমনটা খেলতে পারে আমরা সে বিষয়টি অনুধাবন করলাম। যা আমাদের একটি শক্তিশালী ইউনিটে পরিবর্তন করেছে। আপনার দলে যদি এক অথবা দু’জন খেলোয়াড় থাকে যারা ভাল করবে তাদের যদি কোন একটা দিন খারাপ যায় তাহলে সেদিন আপনাদের পরাজিত হতে হবে। এটা অবশ্য আত্মবিশ্বাস ও উন্নতির ব্যাপার। আপনি অনুশীলন না করেই হঠাত্ নতুন কোন শট আবিষ্কার করে খেলতে চেষ্টা করাটা ভাল নয়।’ ফোর্ডের বিশ্বাস বাংলাদেশে তার দল ভাল করবে। শ্রীলংকাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করে দিলেও ফেব্রুয়ারি মাসেই দলের দায়িত্ব ছেড়ে আগামী মৌসুমেই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিচ্ছেন ফোর্ড। তবে এ টুর্নামেন্টের জন্য শ্রীলংকাকে খুব ভাল অবস্থায় রেখে যাচ্ছেন এবং সফলতা দেখতে চান, ‘দলটিতে ইতিবাচক অনেক বিষয় আছে এবং সত্যিই আমি দূর থেকে তাদের খেলা দেখতে এবং ছেলেদের হাতে ট্রফি তোলা দেখার অপেক্ষায় থাকবো।’-বাসস