দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না নিউজিল্যান্ড ব্যাটসম্যান জেসে রাইডারের। অনেক ঘটনা-দুর্ঘটনার পর জাতীয় দলে ফেরাটা নিশ্চিত করেছিলেন রাইডার। তবে শেষপর্যন্ত ইনজুরির কারণে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাইডার। সিএমসি প্রকাশিত রিপোর্টে বলা হয়, প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরে চলতি সপ্তাহে ওটাগোর হয়ে ক্যান্টারবুড়ির বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি করা রাইডার আবারো হাঁটুর ইনজুরিতে পড়েন। বোলিং করার সময় বাম হাঁটুতে আঘাত পাওয়ার পর ব্যাটিং করার সময় আবারো হাতের আঙ্গুলে আঘাত পান। যদিও ইনজুরি খুব বেশি মারাত্মক নয়। তথাপি সতর্কতা হিসাবে নিউজিল্যান্ড দল থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি। ওটাগো ফিজিওথেরাপিষ্ট জেমস মন্টেগোমেরি বলেন, ‘মৌসুমের শুরুতেই এমনটা ঘটায় পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য রাইডারকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ রাইডারের পরিবর্তে ওটাগো ভোল্টসের অধিনায়ক ডেরেক ডি বুর্ডারকে দলে নেয়া হবে।
