বিশ্বব্যাংকের ওয়াটার এন্ড স্যানিটেশন প্রকল্পে যুক্ত হচ্ছে ডিসিসিআই

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ১৯:১৬
বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রাম বিভাগের (ডব্লিউএসপি) সাথে যুক্ত হয়ে একযোগে কাজ করতে যাচ্ছে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। বিশ্বব্যাংকের এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পানি ও স্যানিটেশন সংক্রান্ত সমস্যা দূরীকরণে কাজ করা হবে। এ লক্ষ্যে গতকাল সোমবার ডিসিসিআই ও বিশ্বব্যাংকের (ডব্লিউএসপি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ডিসিসিআই সভাপতি সবুর খান এবং বিশ্ব ব্যাংকের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বিভাগের কমিউনিকেশনস বিশেষজ্ঞ মিরভা মইলানেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ডব্লিউএসপি আগামী মধ্য জানুয়ারিতে বাংলাদেশে দি ওয়াটার হ্যাকাথন এন্ড ফেস্টিভাল এর বাংলাদেশ অংশের আয়োজন করতে যাচ্ছে। চুক্তি অনুযায়ী এ ফেস্টিভালে নতুন উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন ও বাংলাদেশের নিরাপদ সুপেয় পানি ও পয়নিস্কাশন, স্বাস্থ্য, শিক্ষা ও দারিদ্র্য দূরীকরণে সমস্যাসমূহের সমাধানকল্পে ডিসিসিআই দেশের প্রত্যন্ত অঞ্চলে ডব্লিওএসপিকে সহায়তা করবে।