বার্সেলোনা আজ রাতে আয়াক্স আমস্টারডামের মাঠে ড্র করলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় পৌঁছে যাবে। তবে প্রতিপক্ষের চাইতে খেলাটিতে বার্সেলোনার বড় হুমকি হয়ে উঠতে পারে ইনজুরি সমস্যা। অন্যদিকে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা আর্সেনালও চাইবে নিজেদের মাঠে মার্সেইকে হারিয়ে টুর্নামেন্টে টানা একাদশ বারের মতো নক আউট পর্ব নিশ্চিত করতে। অভিন্ন লক্ষ্যে কাছাকাছি পয়েন্টের কারণে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে আর্সেনালের গ্রুপের দুই দল বরুশিয়া ডর্টমুন্ড ও নাপোলি।
টিটো ভিলানোভার অসুস্থতাজনিত বিদায় পরবর্তী সময়কালে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি কোচ জেরার্ডো মার্টিনোর বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের চার ম্যাচে তিনটি জয় এবং একটি ড্র নিয়ে শেষ ষোলোতে পৌঁছানোটা অনেকটাই নিশ্চিত করে ফেলা লা লিগা চ্যাম্পিয়নরা সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত আছে টানা ২০ ম্যাচ।
গত শনিবার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে গ্রেনাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের জন্য প্রস্তুতিটাও ঠিকভাবেই সেরে নিয়েছে তারা। তবে কাতালানদের জন্য বড় দুশ্চিন্তা হয়ে এসেছে ইনজুরি সমস্যা। লিওনেল মেসি উরুর ইনজুরিতে আক্রান্ত হয়ে দুই মাসের জন্য চলে গেছেন মাঠের বাইরে। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে থাকছেন না নিয়মিত গোলরক্ষক ভিক্টর ভালদেসও।
তালিকার এখানেই শেষ নয়। ড্যানিয়েল আলভেজ কাফ ইনজুরির কারণে খেলছে সর্বশেষ লিগ ম্যাচে। হ্যামস্ট্রিং ইনজুরি ছিটকে দিয়েছে জর্ডি আলবাকে। আর মিডফিল্ডার জোনাথন দস সান্তোস হাঁটুর ইনজুরিতে পড়ে ফিরতে পারছেন না আগামী এপ্রিলের আগে। উরুর অস্ত্রোপচার শেষে এখনো মাঠে ফেরা হয়নি ইব্রাহিম অ্যাফিলের। আর মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে সর্বশেষ ১২ ম্যাচে ১১ গোল করা স্ট্রাইকার অ্যালেক্সিসের নিষেধাজ্ঞা।
আর কাতালানদের এই ইনজুরি সমস্যার সুযোগ নিতে পারলে শেষ ষোলোতে যাওয়ার সুযোগ এখনো থাকছে আয়াক্সের সামনে। তবে সেজন্য আজকের ম্যাচে জয় চাই তাদের। এইচ গ্রুপে তিন নম্বরে থাকা ডাচ দলটির সাম্প্রতিক ফর্মও দারুণ। সর্বশেষ পাঁচ ম্যাচে একটি হারের বিপরীতে চারবারই জয় পেয়েছে তারা।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে স্কটিশ জায়ান্ট সেল্টিকের আতিথেয়তা নেবে এসি মিলান। মারিও বালোতেল্লির পেনাল্টি মিসের খেসারত দিয়ে লিগে নিজেদের শেষ ম্যাচে ড্র করা ইতালিয়ান ক্লাবটি চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়েও গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। তবে আজ বার্সেলোনা যদি আয়াক্সকে হারায় এবং সেল্টিক মিলানকে পরাজিত করতে পারে, সেক্ষেত্রে গ্রুপের তলানি থেকে এক লাফে দ্বিতীয় স্থানে চলে যাবে তারা।এদিকে দুই স্ট্রাইকার অ্যারন রামসে এবং অলিভার গেরুদের দুরন্ত পারফরম্যান্সে দারুণ এক মৌসুম কাটাতে থাকা আর্সেনালের শেষ ষোলো নিশ্চিত করতে আজ চাই জয়। চার খেলায় নয় পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে নাপোলিকে পেছনে ফেলে এফ গ্রুপের শীর্ষে আছে তারা। র্যামসে-গেরুদের পাশাপাশি আজ যুক্ত হচ্ছেন ইনজুরি কাটিয়ে ফেরা উইঙ্গার থিও ওয়ালকটও। এখনো পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে না পারা মার্সেইর জন্য আজ এমিরেটস স্টেডিয়ামে কঠিন এক চ্যালেঞ্জই হয়তো অপেক্ষা করছে।
এদিকে রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে মুখোমুখি হচ্ছে গ্রুপের অন্য দুই দল বরুশিয়া ডর্টমুন্ড ও নাপোলি। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ইউরোপিয়ান রানার্স-আপরা আছে গ্রুপের তৃতীয় স্থানে। আজ রাতে জয় ছাড়া অন্য কোন ফল তাই ডর্টমুন্ডের নক আউট উত্তরণকে আরো অনিশ্চয়তায় ফেলে দেবে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে বুন্দেসলিগার বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে ৩-০ গোলে হার মানা জার্গেন ক্লপের দলের জন্য তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ নেই।
সাম্প্রতিক পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজতে পারছে না নাপোলিও। তবে জুভেন্তাসের পর পার্মার কাছেও হেরে প্রায় এক বছর পর টানা দুইটি হারের স্বাদ নেয়া দলটি আজ রাতে ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস মিডফিল্ডার গোখান ইনলারের। এই সুইস তারকা বলেন, ‘জুভেন্তাসের বিরুদ্ধে হারের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। তবে উল্টো পারমার বিরুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে (১-০) হারতে হয়েছে আমাদের। পার্মা প্রতিটি ক্ষেত্রে আমাদের আটকে দিয়েছে (সেদিন)। সুতরাং আমাদের আরো বেশি আক্রমণাত্মক হবার কোন বিকল্প নেই। তবে ডর্টমুন্ডের বিরুদ্ধে এটি পুরোপুরি আলাদা একটি ম্যাচ। আমরা যদি নিজেদের সেরা খেলাটি খেলতে পারি, তাহলে জয় না পাওয়ার কোন কারণ নেই।’
আজকের খেলা
এফসি বাসেল চেলসি
স্টুয়া বুখারেস্ট শালকে
আর্সেনাল মার্সেই
বরুশিয়া ডর্টমুন্ড নাপোলি
জেনিথ সেন্ট পিটার্সবার্গ অ্যাতলেটিকো মাদ্রি
এফসি পোর্তো অস্ট্রিয়া ভিয়েনা
আয়াক্স আমস্টারডাম বার্সেলোনা
সেল্টিক এসি মিলান
