দর্শক টানলো মোহামেডান আবাহনী ম্যাচ

আপডেট : ২৫ নভেম্বর ২০১৩, ২২:০২
মোহামেডান আবাহনী ম্যাচ বলে কথা। তাই মাঠের ফুটবলের মোহে সমঝদার সমর্থকরা এদিন স্টেডিয়ামে গিয়েছিলেন ম্যাচটি দেখতে। মৌসুমের প্রথম বড় ম্যাচ, নাইবা থাকুক আসলাম, মুন্না, কায়সার হামিদ, ওয়াসিমদের মতো তারকা ইমেজ। এদেশের ফুটবলে সাদাকালো আর নীল হলুদ জার্সির মোহনীয় আকর্ষণ এখনো যে পুরোপুরি বিবর্ণ হয়নি তা আরেকবার প্রমাণ হলো কাল। ফুটবল দর্শকরা জানেন, তাদের প্রিয় দল মোহামেডান আবাহনী কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। তাই তারা দেখতে চেয়েছিলেন উপভোগ্য ফুটবল। ছন্দময় ফুটবল হবে না জেনেও সন্ধ্যা ছয়টার ম্যাচটি দেখতে আগেই হাজির হয়ে গিয়েছিলেন দর্শকরা। আবাহনীর পশ্চিম গ্যালারির উপরের অংশ ভরে গিয়েছিল। নিচের অংশে প্রায় শ তিনেক সমর্থক। মোহামেডানের পশ্চিম গ্যালারির উপরের অংশে প্রায় পুরোটাই পূর্ণ ছিল। নিচে ছিল শ’দুয়েক সমর্থক। ভিআইপি গ্যালারিতে ছিল ছয় থেকে সাত শ দর্শক। সব মিলিয়ে স্টেডিয়ামে হাজার দশেক দর্শককে দেখা গেল। মোহামেডান আবাহনীর ম্যাচ হলেও এখন আর স্টেডিয়াম উপচে পড়ে না দর্শকে। তবে দুই দলের গোল মুখে ব্যর্থতা দেখে সমর্থকদের মধ্যে হাপিত্যেশ করা চিত্কার শোনা গেছে আগের মতোই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা দর্শকদের আনন্দ দিয়েছে।