শেখ জামাল ধানমন্ডি ক্লাব ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবলে ১-০ গোলে ফেনীর সকার ক্লাবকে হারিয়ে এক নম্বর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। নইলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল শেখ জামাল এবং সকার ক্লাব। অপরদিকে একই গ্রুপে থাকা উত্তর বারিধারা ক্লাব দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছিল।
শেখ জামালকে জয়টি এনে দেন হাইতির উইঙ্গার সনি নরদে। তিনি ১৭ মিনিটে গোলটি করেন। এরপরও শেখ জামাল একাধিকবার গোলের সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। দলের নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ডার্লিংটন ব্যর্থ হন। নরদের গোলটির পর দুই বার সুযোগ পেয়েছিলেন ডার্লিংটন। একবার ক্রসবারে এবং এর এক মিনিট পরই বল লাগান পোস্টে। তাই একমাত্র গোলে জিতে দারুণ ক্ষুব্ধ শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসি। শেখ জামাল ফুটবল একাডেমির কোচ গাম্বিয়ান ওমর কে সিস এবার সকার ক্লাবকে কোচিং করাচ্ছেন। ম্যাচ শেষে যোসেফ আফুসিকে শুনিয়ে তিনি বললেন, ‘শেখ জামালের উচিত ছিল পাঁচ গোলে জেতা। আমি কোচ হলে তাই হতো এই ম্যাচে।’
