মানসিক চাপজনিত অসুস্থতার কারণে অ্যাশেজ সফর থেকে চলে গেলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জনাথন ট্রট। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইংলিশদের বড় ব্যবধানে হারের একদিন পর গতকাল সোমবার সফরকারী দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ট্রটের অবস্থা সম্পর্কে ইসিবির (ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড) দেয়া বিবৃতিতে বলা হয়, ‘আমি মনে করি না নিজে শতভাগ উপযুক্ত নই মনে করার পরও খেলে যাওয়া ঠিক হতো। এই মুহূর্তে আমি আগের মত খেলা চালিয়ে নিতে পারছি না। এখন আমার কাছে অগ্রাধিকার হলো কিছুদিনের জন্য খেলা থেকে বিরত থেকে নিজেকে আগের জায়গায় ফেরানো। ’
ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন,‘তার এ ধরনের পরিবেশ থেকে সরে গিয়ে তার পরিবারের সাথে কিছু সময় দূরে থাকা দরকার।’ ইংল্যান্ড অধিনায়ক অ্যালস্টেয়ার কুক মনে করেন অস্ট্র্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের তার সম্পর্কে করা মন্তব্যটি ছিল অশ্রদ্ধাপূর্ণ। তিনি অবশ্য এও জানান যে, ট্রটের চলে যাওয়ার পেছনে ওয়ার্নারের মন্তব্যের কোন প্রভাব নেই। ওয়ার্নার ব্রিসবেনে ট্রটের খেলাকে ‘বাজে ও দুর্বল’ বলে উল্লেখ করেছিলেন। তিনি এও দাবি করেছিলেন যে ইংল্যান্ড ব্যাটসম্যানটির ছিল ‘ভীত চাহনি’।
ট্রট হলেন মানসিক অবসাদগত কারণে ইংল্যান্ড দল ছেড়ে যাওয়া তৃতীয় খেলোয়াড়। এর আগে মারকাস ট্রেসকোথিক ২০০৫-০৬ মৌসুমে ভারত এবং ২০০৬-০৭ সালে অস্ট্রেলিয়া সফর থেকে এমনই অবসাদগত পরিস্থিতিতে দল থেকে সরে এসেছিলেন। এছাড়া বাঁহাতি স্পিনার মাইক ইয়ার্ডলি দেশে ফিরে এসেছিলেন ২০১১ বিশ্বকাপ থেকে।
ট্রট প্রথম টেস্টে ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রান সংগ্রহ করেন। ব্রিসবেনে অনুষ্ঠিত টেস্টটিতে সফরকারীরা ৩৮১ রানে পরাজিত হয়। এর আগে গেল গ্রীষ্মে নিজেদের মাঠে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়ে ১০টি ইনিংসেই খেলেছিলেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া ইংলিশ দলের তিন নম্বর পজিশনের এই ব্যাটসম্যান। ইংল্যান্ড সিরিজটিতে জয়ী হয় এবং ট্রটের ব্যাটিং গড় ছিল ২৯। কিন্তু বর্তমানে ফর্মহীনতায় ভুগছেন। এমনিতে ৪৯ টেস্টে অংশ নেয়া ট্রটের ব্যাটিং গড় ৪৬.৪৫।
ইংল্যান্ড বর্তমান অ্যাশেজ সফরে ফেব্রুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকবে। ৫ ডিসেম্বর অ্যাডেলাইডে দ্বিতীয় টেস্ট শুরু আগে আগামী শুক্রবার সফরকারীরা চেয়ারম্যান একাদশের সাথে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
