রাজধানীর উত্তরায় স্থানীয় সাংবাদিক শাহ আলম মোল্লা সাগর হত্যার ঘটনায় উত্তরা ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদসহ ৪ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রবিবার রাত ৮ টার দিকে ঘটনার পর পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলেন, ট্রাস্ট কলেজের ফার্নিচার নির্মাণকারী কাঠমিস্ত্রী নজরুল ইসলাম, আনিছুর রহমান ও জাহিদুল ইসলাম। সাগরকে হত্যার অভিযোগে উত্তর পশ্চিম থানার এসআই হারুনুর রশিদ বাদী হয়ে ঐ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এই মামলায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে, আদালত রিমান্ড শুনানির দিন বুধবার ধার্য করে।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির উদ্দিন আহমেদের কাছে কলেজের ফার্নিচার (আসবাবপত্র) তৈরি বাবদ মেরাদিয়ার কাঠমিস্ত্রী নজরুল ইসলামের প্রায় ৩ লাখ ৬১ হাজার টাকা বকেয়া ছিল। এই টাকা পরিশোধের জন্য নজরুল ইসলাম ঐ কলেজের অধ্যক্ষকে বেশ কয়েকবার চাপ দেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নজরুল ইসলাম তুরাগের পাকুরিয়ায় তার প্রথম স্ত্রীর বাসায় যান। সেখান থেকে নজরুল ইসলাম তার প্রথম স্ত্রীর ১ ভরি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চুরি করে ঘটনার দিন উত্তরা ট্রাস্ট কলেজে যান তার পাওনা টাকা চাইতে। অন্যদিকে, তার প্রথম স্ত্রী স্বামীর পিছু নিয়ে উত্তরা ট্রাস্ট কলেজে পৌঁছেন। বিষয়টি নজরুল ইসলাম টের পাওয়ার পর তিনি চুরি করা স্বর্ণালঙ্কার ট্রাস্ট কলেজের অধ্যক্ষের কাছে দেন লুকিয়ে রাখতে। এ ঘটনার কয়েকদিন পর নজরুল ইসলাম তার চুরি করা স্বর্ণালঙ্কার অধ্যক্ষের কাছে চাইলে তিনি অস্বীকার করেন। পরে নজরুল ইসলাম বিষয়টি নিয়ে সাপ্তাহিক অপরাধ দমনের সাংবাদিক সাগরের কাছে অভিযোগ করেন। সাগর ঐ পত্রিকায় এ সংক্রান্ত একটি রিপোর্ট করেন। ঐ রিপোর্ট প্রকাশের পর গত ২৩ ফেব্রুয়ারি নজরুল ইসলাম উত্তরা পশ্চিম থানায় অধ্যক্ষের বিরুদ্ধে একটি জিডি করেন। এই জিডির তদন্তের সূত্র ধরে মধ্যস্থতা করার জন্য পুলিশ দুই পক্ষকে উত্তরা পশ্চিম থানায় ডাকে।
ঘটনার দিন রবিবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ তার দুইজন সহযোগীকে নিয়ে থানায় উপস্থিত হন। থানার ভিতরে পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ বশির উদ্দিন সাংবাদিক সাগরকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে উত্তরার স্থানীয় আরো ৪/৫ জন সাংবাদিক থানায় উপস্থিত হন। বশির উদ্দিন ও তার সহযোগীদের পুলিশের উপস্থিতিতে এমন মারমুখী আচরণ থেকে বাঁচতে তারা থানার ছয়তলা ভবনের ছাদে আশ্রয় নেন। এরই মধ্যে সাগর ছাদ থেকে পালানোর জন্য পানি নিষ্কাশনের পাইপ ধরার চেষ্টা করলে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এ ঘটনায় বশির উদ্দিন, নজরুল ইসলাম ও বশিরের দুই সহযোগীকে গ্রেফতার করে।
এদিকে, সাগর হত্যার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা সড়ক অবরোধ, প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে থানায় হত্যা মামলা হয়েছে। এই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা জানা যাবে।
