ইয়েল্প কনটেন্ট দেখাবে ইয়াহু সার্চ

আপডেট : ১৩ মার্চ ২০১৪, ১৭:০৫
ইয়াহু সার্চের ফলাফলকে আরও বেশি গ্রহণযোগ্য এবং সংশ্লিষ্ট করে তুলতে এবারে ইয়াহু সার্চে ইয়েল্প কনটেন্ট প্রদর্শনের সুবিধা যুক্ত হয়েছে। মূলত গুগল সার্চের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েই এই যৌথ উদ্যোগ গ্রহণ করেছে ইয়েল্প এবং ইয়াহু। ইয়েল্প মূলত একটি বিজনেস রিভিউ ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের খবরাখবর, রেটিং, ছবি প্রভৃতি তথ্য সংরক্ষিত রয়েছে। একে অনেকটা ‘আরবান গাইড’ হিসেবেই অভিহিত করা হয়। ইয়েল্প সাইটে (www.yelp.com) প্রাপ্ত রিভিউকে সর্বত্রই গ্রহণযোগ্য মনে করা হয়। রেস্টুরেন্ট, বুটিক শপ, ডিজাইন হাউজ, দর্শনীয় স্থান থেকে শুরু করে প্রকৌশলী, চিকিত্সকদের খবরাখবর নিয়ে প্রায় ৫৩ মিলিয়ন রিভিউ রয়েছে ইয়েল্পে। ফলে ইয়াহু’র সার্চ রেজাল্টে ইয়েল্পের রিভিউগুলোকে আলাদা করে দেখানো গেলে তা সন্ধানকারীর জন্য অনেক বেশি সুবিধার হবে বলেই মনে করছে ইয়াহু এবং ইয়েল্প। ইয়াহু মনে করছে, এতে করে তাদের দিকে ইন্টারনেট ব্যবহারকারীরা অনেক বেশি আকৃষ্ট হতে শুরু করবে।