পাঁচদিন মুলতবি শেষে আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। গত বুধবার ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়া অধিবেশন আজ বিকাল পর্যন্ত মুলতবি করেন। চলতি দশম জাতীয় সংসদের গত ২৯ জানুয়ারি শুরু হওয়া প্রথম অধিবেশনে এর আগে ১৮ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি ছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, ১৫ মার্চ অনুষ্ঠিত তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে সামনে রেখে সরকার ও বিরোধী দলের অনেক সংসদ সদস্যের নিজ এলাকায় যাওয়া, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর বিদেশ সফর এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন থাকায় সবমিলিয়ে অধিবেশনে দ্বিতীয় দফা এই বিরতি দেয়া হয় বলে জানা গেছে। আজকের দিনের কার্যসূচিতে থাকছে প্রশ্নোত্তর এবং রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।
