সোনারগাঁও আওয়ামী লীগে বিদ্রোহী সুবিধাজনক অবস্থানে বিএনপি

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২২:০০
আগামী ৩১ মার্চ সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় হিমশিম খেতে হচ্ছে দলকে। অন্যদিকে বিএনপির একক প্রার্থী থাকায় নির্বাচনে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে বলে ভোটাররা মনে করেন। গত কয়েকদিন যাবত্ আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে নির্বাচন কেন্দ্রিক বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে এক চরম হতাশা। আওয়ামী লীগের এই বিরোধ মীমাংসিত না হলে দুই গ্রুপকেই হিমশিম খেতে হবে এবং বিজয়ের চেয়ে পরাজয়ের ঝুঁকিই বেশি বলে ধারণা পোষণ করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন এবং বিদ্রোহী গ্রুপ হিসেবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। অপর দিকে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান।