দিনাজপুরের ৩ উপজেলায় চলছে জমজমাট ভোট যুদ্ধ

আপডেট : ২৯ মার্চ ২০১৪, ২১:৩৩
বিদ্রোহী প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পঞ্চম দফা উপজেলা নির্বাচনে দিনাজপুরের ৩টি উপজেলা পার্বতীপুর, হাকিমপুর ও বিরলের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটাররা টেনশনে রয়েছেন। দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বিদ্রোহীরা মাঠ সরগরম করে রেখেছেন। ভোটের হিসাব-নিকাশ তাই পাল্টে যেতে পারে। জেলার গুরুত্বপূর্ণ উপজেলা বিরলে নির্বাচনী লড়াই জমে উঠেছে। জাতীয় নেতাদের সমর্থিত প্রার্থী থাকায় এখানে ভোটারদের কদরও বাড়ছে। বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লেঃ জেঃ (অব.) মাহবুবুর রহমান ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের নিজ উপজেলা বিরলে নিজেদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তারাও মাঠে নেমেছেন ভোটারদের মন জয়ের জন্য। সতীশ চন্দ্র রায়ের কনিষ্ঠ পুত্র ডাঃ মানবেন্দ্র রায় মানব (ঘোড়া) প্রতীক নিয়ে লড়ছেন। পিছিয়ে নেই বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আনম বজলুর রশিদ কালু (মোটরসাইকেল)। অপর ৩ প্রার্থী হলেন জাতীয় পার্টির আনোয়ার চৌধুরী জীবন (কাপ-পিরিচ), অপসারিত উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র মোকাররম হোসেন (দোয়াত-কলম) ও আওয়ামী লীগের বিদ্রোহী মোঃ আবু তালেব। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস (চশমা), বিএনপি’র মোঃ রুস্তম আলী (তালা), জামায়াতের একেএম আফজালুল আনম (মাইক) এবং কৃষক ফেডারেশনের মোঃ আব্দুল খালেক (টিউবওয়েল)। পার্বতীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের উপজেলা সভাপতি বর্তমান চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক (ঘোড়া), বিএনপি’র মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম) আর বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চু (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রেজাউল করিম (টিউবওয়েল), ১৯ দলের সমর্থিত জামায়াতের আনোয়ার হোসেন (চশমা) ও ১৯ দলের শরিক দল জাগপা’র ইনসান আলম আক্কাস (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সরাসরি লড়ছেন ২জন প্রার্থী। হাকিমপুরে বিদ্রোহীদের নিয়ে বিপাকে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা। এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন মহিলা চেয়ারম্যান পদপ্রার্থী পারুল নাহার (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। এরা হলেন-জামায়াতের আমিনুল ইসলাম (উড়োজাহাজ), বিএনপি’র হযরত আলী সরদার (টিউবওয়েল), নিজামউদ্দীন (বৈদ্যুতিক বাল্ব) ও হারুনুর রশিদ (চশমা), বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শাহিনুর রেজা শাহীন (তালা) এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান মাষ্টার (টিয়াপাখি)।