এশিয়া কাপ ক্রিকেট শেষ হয়ে গেলো। চলছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। অদ্ভুত এক ব্যাপার দেখলাম এবারো। ‘বাংলাদেশ’ খেলছে, তারপরও দু’টি দলে (দেশে) বিভক্ত পুরো জাতি। সত্যি বলতে কি আশেপাশের মানুষদের বিবেচনা করে বলছি- এখনো দেশের ক্রিকেট-প্রেমীদের মাঝে অন্তত ৬০ ভাগ পাকিস্তান দলের সমর্থক। আর প্রায় ৪০ ভাগ বলা যায় ভারতের সমর্থক। পাকিস্তানের সাথে লড়ে স্বাধীনতা পেয়েছি আমরা। যে পাকিস্তানীরা আমাদের ভাষা, জাতিসত্তাকে গুঁড়িয়ে দিতে চেয়েছে, সেই পাকিস্তানেরই সমর্থন করছি এখনো! প্রায় একই কথা ভারতের বেলায়ও প্রযোজ্য। দেশ হিসেবে এখন বাংলাদেশকে কতোটুকু সমর্থন দেয় ভারত? তারা কি আমাদের আর্থিক, রাজনৈতিক, সাংস্কৃতিক উন্নতি আসলেই চায়? তাহলে তো আমাদের টিভি চ্যানেলগুলো ভারতে প্রচার বন্ধ থাকতো না। সমপ্রতি আইসিসির ‘মুরুব্বী’ দল হয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে সুর মিলিয়ে ভারত বলতো না দু’স্তরের খেলা হবে এখন থেকে। অর্থাত্ বাংলাদেশের মতো ছোট দলের সাথে ভারত-পাকিস্তান ও অন্য বড় দলের খেলা হওয়া নিয়েই প্রশ্ন উঠেছে এখন। আর আমাদের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে সীমান্তে মানুষ মারা। ফেলানীর মতো অসহায় এ দেশের মানুষদের লাশ কাঁটাতারে ঝুলে থাকা, সীমানায় লাশ পড়ে থাকা কি আমাদের বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষদের বিবেককে নাড়া দেয় না? সবক্ষেত্রে ভারতের দমন নীতি তো এখন রীতিমতো আতংকের কারণ হয়ে উঠেছে। এতো সব বুঝেও কেন আমরা বাংলাদেশিরা ক্রিকেটে পাকিস্তান, ভারতের নগ্ন সমর্থন করি তা আমার বোধগম্য নয়। দেশের গ্যালারিজুড়ে পাকিস্তান-ভারতের ‘বাংলাদেশি’ সমর্থকদের উপস্থিতি আছে ঠিকই। কেউ কেউ ভারত-পাকিস্তানের জার্সি পরেও সমর্থন জানাতে আসেন। তাদের দাবি খেলা তো খেলাই। এর সাথে একাত্তর, রাজনীতির কি সম্পর্ক? আমি এর বিরোধিতা করি। খেলা শুধুই খেলা না। খেলা প্রতিপক্ষ দেশের সাথে একটি দেশের, একটি পতাকার, একটি জাতির লড়াই। খেলার আগে দুই দেশের জাতীয় সংগীত গাওয়া তো তারই প্রমাণ। ক্রিকেটসহ সব খেলাই এখন ব্যবসার বিরাট উত্স। পাকিস্তান, ভারত জিতলে জয়ের মালাটা পরে তারাই, বাংলাদেশ নয়। মাথা উন্নত হয় তাদেরই, বাংলাদেশের নয়। এ সহজ হিসাবটা আমরা বুঝি না। আমার জানতে ইচ্ছে করে পাকিস্তান, ভারত নিয়ে আমাদের এই উন্মাদনা সে দেশের লোকেরা কী চোখে দেখে? নাকি আমাদের নিয়ে ভাবার সময়টাই নেই তাদের? আমার আরো জানতে ইচ্ছে করে-পাকিস্তানী বা ভারতীয়রা কি আমাদের পতাকা নিয়ে তাদের দেশে এমন উচ্ছ্বাস করবে কখনো? আমাদের হয়ে মাঠে বা মাঠের বাইরে পাকিস্তানী বা ভারতীয়রা কি সমর্থন দেবে এভাবে? মোটেও না। পৃথিবীর অন্য কোনো দেশে এমন দৃশ্য চোখে পড়ে না, হয়তো আমরা জাতি হিসেবে খুব উদার বলেই আমাদের পক্ষে সম্ভব। তবে আমরা নিজেরা নিজেদের, আমাদের জাতিসত্তার যদি সম্মান না করি তাহলে পৃথিবীর অন্য কোনো জাতি হয়তো কখনোই আমাদের সম্মান করবে না।
লেখক :সিনিয়র নিউজরুম এডিটর, এনটিভি
