৫০০ মিলিয়নে আইফোন!

আপডেট : ৩১ মার্চ ২০১৪, ২০:২৪
৫০০ মিলিয়ন বা ৫০ কোটিতম আইফোনটি বিক্রি করেছে অ্যাপল। নির্দিষ্ট কোনো মডেলের একটি ডিভাইসের জন্য এটি একটি বিশ্বরেকর্ড তো বটেই, অভিনব একটি ঘটনাও। এই সাফল্যের সূচনা সেই ২০০৭ সাল থেকে। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের হাত ধরে বাজারে আসে এই অভিনব ডিভাইস। বলতে গেলে আধুনিক স্মার্টফোনের সূচনাই ঘটে সেই আইফোনের মাধ্যমেই। সেই যে বাজারে প্রবেশ আইফোনের, এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখনও প্রতিবছরই প্রযুক্তি বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে আইফোনের নতুন কোনো সংস্করণের জন্য। নতুন সংস্করণে কী কী ফিচার বা সুবিধা যুক্ত হবে, নতুন কোন চমক হাজির হবে নতুন সংস্করণে, এসব বিষয় নিয়ে তার আরও কয়েকমাস আগে থেকেই চলতে থাকে জল্পনা-কল্পনা। এর মধ্যে সর্বমোট ৮টি মডেলের আইফোনকে প্রত্যক্ষ করেছে বিশ্ব। সর্বশেষ আইফোন ৫এস এবং আইফোন ৫সি মডেল দুইটি দিয়েও বাজারে সাড়া ফেলতে সমর্থ হয় অ্যাপল। আইফোনের সাফল্যের ধারাবাহিকতা পরবর্তী সময়ে স্মার্টফোনকে দ্রুত জনপ্রিয় করে তোলে বিশ্বব্যাপী। অধুনা স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েড সংখ্যার বিচারে যোজন যোজন এগিয়ে থাকলেও গুণ, মান এবং স্টাইলের বিচারে আইফোন সবসময়ই সকলের মনোযোগের কেন্দ্রেই অবস্থান করে।