ফিলিস্তিনি বন্দীদের মুক্ত না করায় খাদের কিণারে চলে যাওয়া আলোচনার সম্ভাবনাকে জিইয়ে রাখতে আবারো মধ্যপ্রাচ্যে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জেরুজালেমে পৌঁছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সোমবার রাতের দিকে বৈঠকে বসেন কেরি। এদিকে বন্দী মুক্তির বিষয়ে উদ্ভুত সংকট সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে আলটিমেটাম দিয়েছে ফিলিস্তিন।
তবে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত্ করেননি কেরি। তার পরিবর্তে দেশটির প্রধান মধ্যস্থতাকারী সায়েব এরকাতের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া কেরি মঙ্গলবার কখন আব্বাসের সঙ্গে বৈঠকে বসবেন সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এদিকে গত বছর জুলাইয়ে ২৬ ফিলিস্তিন বন্দীকে ছেড়ে দেয়ার বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। কিন্তু ইসরাইল তাদেরকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে ইসরাইল যদি বন্দীদের মুক্তির বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন না করে তবে আলোচনা আর না চালানোর হুমকি দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপিকে এক ফিলিস্তিনি এমপি জানিয়েছেন, বন্দীদের বিষয়ে কেরির নিকট থেকে কোন উত্তর যদি আমরা না পাই তাহলে পরবর্তীতে জাতিসংঘের সকল সংস্থার সদস্যদের কাছে যাব আমরা। কেরি পৌঁছানোর কিছুক্ষণ পূর্বেই সেদেশের এক সরকারি কর্মকর্তা জানান, আলোচনা সম্প্রসারণের জন্য ইসরাইল নতুন করে যে প্রস্তাব দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে রামাল্লা। এছাড়া এটিকে ব্লাকমেইল করার প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেন ঐ এমপি।
