এ মাসেই ওয়াই-ফাই ইন্টারনেট পাচ্ছে বুয়েট ও চবি

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৩২
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা চলতি মাস থেকে ওয়াই-ফাই ইন্টারনেটের আওতায় আসছে। বেইস টেকনোলজিসের সহযোগিতায় বুয়েট ক্যাম্পাসের প্রতিটি হলে ইন্টারনেট সেবা দেবে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)। আর বিশ্বব্যাংকের সহযোগিতায় চবিতে একই সেবা দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বেইস টেকনোলজিস ৩২টি এপির মাধ্যমে তারবিহীন ইন্টারনেট সেবা বুয়েটের সকল আবাসিক হলে পৌঁছে দেওয়ার কাজ করছে। এদিকে চট্টগ্রাম বিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই সেবা চালু হচ্ছে বলে নিশ্চিত করেছেন সাব প্রজেক্ট ম্যানেজার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নুরুল মোস্তফা।