রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে নাসা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৫০
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রাশিয়ার সঙ্গে অধিকাংশ ক্ষেত্রে তাদের সহযোগিতা স্থগিত করেছে। বুধবার সংস্থাটির তরফ থেকে বলা হয়, ইউক্রেন সংকটের কারণে তারা এই সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের সঙ্গে আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পারস্পরিক নিরাপত্তাগত প্রশ্নে তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে নাসা জানায়। নাসার এক ই-মেইলে বার্তা সংস্থা সিনহুয়াকে এ খবর দেয়া হয়। ই-মেইল বার্তায় বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে সহযোগিতা স্থগিত করা হলেও পারস্পরিক নিরাপত্তাগত কারণে তারা আইএসএসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন না। বর্তমানে আইএসএসেতে রাশিয়ার তিনজন, যুক্তরাষ্ট্রের দুইজন এবং জাপানের একজন কাজ করছেন। এর আগে মার্কিন গবেষণা সংস্থাটির স্পেস নিউজ ওয়েবসাইটে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ যে, তারা রাশিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে নাসার সকল যোগাযোগ বাতিল করবেন। তবে এক্ষেত্রে যদি ব্যতিক্রমী কিছু হয় তাহলে তারা তার বিবেচনা করবেন। এই স্থগিতের মধ্যে রয়েছে, নাসার কেউ রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি রাশিয়া সরকারের কোন প্রতিনিধি নাসায় যেতে পারবেন না। এছাড়া বন্ধ থাকবে ই-মেইল, টেলিকনফারেন্স বা ভিডিও কনফারেন্স। বর্তমান সময়ে আইএসএসের সঙ্গে কেবল অপারেশনাল কার্যক্রম বজায় রয়েছে। এছাড়া সম্পর্কের অন্যান্য বিষয় অটুট থাকবে। সংস্থাটির পক্ষ থেকে আরো বলা হয়, যেহেতু মহাকাশ গবেষণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে অন্যান্য সম্পর্ক টিকে থাকবে। নাসা বর্তমানে মহাকাশ গবেষণার অনেক ক্ষেত্রে রাশিয়ার উপর নির্ভরশীল। তাই বিভিন্ন বিষয় বিবেচনা করে বিশেষ বিশেষ ক্ষেত্রে সম্পর্ক অব্যাহত থাকবে বলে সংস্থাটির তরফ থেকে বলা হয়।