ঝিনাইদহের কালীগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫টি বাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় মহিলাসহ আহত হয়েছে ১৫ জন। গত বুধবার রাতে উপজেলার দুধরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক নিরব হোসেন জানান, উপজেলার দুধরাজপুর গ্রামে ৩৪ শতক জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় সৈয়াদ আলী ও অপর লালচাদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে উভয় সমর্থকরা বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় গ্রামের কাজি আব্দুর রহমান, ঠান্ডু, সাইফাল হোসেন, ওসমান আলী, ওহাব, আয়ুব হোসেন, মালেক, মামুন হোসেনসহ ১৫ বাড়ি ভাংচুর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোয়াদ হোসেন, আউয়ুব মোল্লা ও গৃহবধূ আলেয়া বেগমসহ ১৫ জখম করে। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
