পছন্দমতো ফোন তৈরির সুযোগ করে দিচ্ছে গুগল

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২০:০৩
সময়ের সাথে সাথে স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলেছে। স্মার্টফোন নির্মাতাদের নতুন নতুন ডিজাইনের সব স্মার্টফোন এই বাজারকে প্রতিযোগিতামূলক করে তুলেছে। এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের নিজ নিজ পছন্দের স্মার্টফোনটি বেছে নেওয়ার সুযোগও পাচ্ছেন। তবে কনফিগারেশন শেষ পর্যন্ত ওই স্মার্টফোন নির্মতাদের নির্ধারিতই হয়ে থাকে। তবে গুগল এবারে এমন একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে যাতে করে ক্রেতারা নিজের পছন্দের কনফিগারেশনের স্মার্টফোনটি নিজেই তৈরি করে নিতে পারবেন। ‘মডুলার ফোন’ কনসেপ্টের এই স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ক্রেতা নিজেই পছন্দ করে নিতে পারবেন। ফলে নিজের কাজের প্রয়োজন অনুযায়ী তার কী ধরনের যন্ত্রাংশ প্রয়োজন, সেগুলো দিয়েই সে তৈরি করে নিতে পারবে নিজের ফোনটি। সম্প্রতি ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে তাদের নতুন এই প্রকল্পের তথ্য প্রকাশ করেছে গুগল। ফোনব্লক নামক একটি কোম্পানির সাথে গুগল পরিচালিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট আরা’। ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী প্রাথমিকভাবে তিনটি ভিন্ন ভিন্ন কনফিগারেশনে মডুলার ফোন তৈরি করছে গুগল। এর মধ্যে ‘মিনি আরা’ ফোনে থাকছে ৬টি মডিউল, যা প্রচলিত স্মার্টফোনের আকৃতির হবে। ‘মিডিয়াম আরা’য় থাকছে ৭টি মডিউল, যা মূলত ফ্যাবলেট আকৃতির হবে। আর ৯টি মডিউল নিয়ে ‘বিগ আরা’ হবে মূলত ট্যাবলেট পিসি আকৃতির। গুগল জানিয়েছে, মূলত ইলেক্ট্রোপারমানেন্ট ম্যাগনেট প্রযুক্তির মাধ্যমে যন্ত্রাংশগুলো একে অপরের সাথে সংযুক্ত হবে। এই প্রক্রিয়ার বিস্তারিত তথ্যই প্রকাশ করবে গুগল। আগামী ১৫ এপ্রিল এক সম্মেলনের মাধ্যমে এই প্রকল্পের আরও তথ্য গুগল প্রকাশ করবে বলে জানিয়েছে। গুগল’র এই ‘প্রজেক্ট আরা’ মূলত মটোরোলার অধীনেই ছিল। তবে মটোরোলা সম্প্রতি লেনোভোর কাছে বিক্রি করে দেওয়ার পর গুগল জানিয়েছে, তাদের অ্যান্ড্রয়েড বিভাগটি এই প্রকল্প নিয়ে এখন কাজ করছে। মডুলার ফোন কনসেপ্টটি অবশ্য প্রযুক্তি বিশ্বে একেবারে নতুন কিছু নয়। ২০০৭ সালে ইসরায়েলের মডু নামক একটি কোম্পানি এমন ফোন তৈরির কাজ করে। অবশ্য তাদের বেশকিছু প্রযুক্তি গুগল ২০১১ সালে কিনে নেয়।