এক্সবক্সের ত্রুটি ধরিয়ে দিল ৫ বছরের শিশু

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২০:০৩
গেম কনসোল হিসেবে মাইক্রোসফটের এক্সবক্স জনপ্রিয় বিশ্বজুড়েই। তবে এক্সবক্সে যে কোনো অ্যাকাউন্টে সঠিক পাসওয়ার্ড ব্যবহার না করেও প্রবেশ করা যায়, সেটি এতদিন পর্যন্ত অজানাই ছিল। আর এমন গুরুত্বপূর্ণ একটি ত্রুটি ধরে ফেলে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগো শহরের মাত্র ৫ বছর বয়সী শিশু ক্রিস্টোফার ভন হ্যাসেল। সে তার বাবার এক্সবক্স অ্যাকাউন্টে সঠিক পাসওয়ার্ড না দিয়েও প্রবেশ করতে সক্ষম হয়। ক্রিস্টোফারের কাছ থেকে এটি জানার পরই অবশ্য মাইক্রোসফট পাসওয়ার্ড সংক্রান্ত এই ত্রুটি সংশোধন করে ফেলে। শুধু তাই নয়, ক্রিস্টোফারকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদও জানিয়েছে মাইক্রোসফট। নিরাপত্তা নিয়ে কর্মরত গবেষকদের তাদের যে তালিকা রয়েছে, সেটিতেও ক্রিস্টোফারের নাম যুক্ত করে দিয়েছে তারা। ক্রিস্টোফারের দিকে অনেকেরই মনোযোগ পড়ায় সে নিজেও খুব খুশি।