সলোমন দ্বীপপুঞ্জে শনিবার আকস্মিক বন্যায় নয়জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধান চালানো হচ্ছে। পানির তীব্র স্রোতে শিশুদের ভেসে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রবল এ বন্যায় আরো ৩০ জনের নিখোঁজ হওয়ার কথা জানা গেছে।
সলোমন দ্বীপপুঞ্জের ন্যাশনাল রেফারেল হাসপাতালের চিকিত্সক ডা. অ্যালেঙ্ মুনামুয়া এএফপি’কে বলেন, ‘আমাদের কাছে ৯টি মৃতদেহ এসেছে বহু লোক এখনো নিখোঁজ রয়েছে।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বন্যার পর আনুমানিক প্রায় ৩০ জনের মতো নিখোঁজ এবং প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। সলোমনে রেডক্রস সোসাইটির মহাসচিব জোয়ানে জলেভেকি বন্যার মৃত্যু ও ক্ষয়ক্ষতিকে মর্মন্ত্তদ বলে বর্ণনা করেন।
বৃহস্পতিবার নগরীর উপকূল অঞ্চলের প্রধান নদী মাতানিকাউ আকস্মিকভাবে প্লাবিত হলে সমগ্র জনপদ প্লাবিত হয়, সেতুসমুহ ভেঙ্গে পড়ে ও শহরের মধ্যাঞ্চল তলিয়ে যায়। জলেভেকি বলেন, ‘আমরা বিস্ময়কর দ্রুততার সঙ্গে নদীর পানি বেড়ে যাওয়ার দৃশ্য দেখেছি।’
