লিবিয়ায় দখলকৃত চারটি তেল বন্দরের দু’টিকে পুনরায় চালু করতে সম্মত হয়েছে দেশটির বিদ্রোহীরা। গতবছর জুলাইতে বন্দরগুলো নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। ফলে আটমাস যাবত্ বন্দরগুলো বন্ধ থাকায় ১৪ বিলিয়নেরও বেশি রাজস্ব ক্ষতি গুনতে হয়েছে দেশটিকে। গত রবিবার সরকার ও বিদ্রোহীদের মধ্যে এ চুক্তি হয়েছে বলে জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা লানা একথা জানিয়েছে।
জুয়েতিনা ও হারিগা বন্দর আবারো খুলে দেয়ার বিষয়ে এদিন সরকার ও বিদ্রোহীদের মধ্যে ঐকমত্য হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়। রাস লানুফ ও সিদরায় অবস্থিত আরো দু’টি বড় তেল বন্দর আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালু করতে দু’পক্ষই রাজি হয়েছে। তবে চুক্তির সবকিছু সম্পর্কে এখনো কোন কিছু জানা যায়নি। দেশটির আইনমন্ত্রী সালাহ আল মারঘানি জানিয়েছেন, বন্দর দু’টি সরকারের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া চুক্তির শর্তানুযায়ী, বিক্ষোভকারীদের কাজে ফিরে আসার ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত আটমাস ধরে বিদ্রোহীরা বন্দরগুলো দখলে নিয়ে রেখেছিল।
