নোয়াখালীতে খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের দুই কর্মচারীকে কুপিয়ে আহত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২১:১১
নোয়াখালী প্রতিনিধি জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের দুই কর্মচারী নৈশ্য প্রহরী বেলাল হোসেন (৪৫) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের গাড়ির চালক মাহাবুব আলমকে (৪০) কুপিয়ে আহত করেছে চোরের দল। গতকাল সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। আহতদের জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মোস্তফা সরকার জানান, গতকাল ভোর সাড়ে তিনটার দিকে ৩-৪ জন চোর তার কার্যালয়ের পেছন দিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় কার্যালয়ের নৈশ প্রহরী বেলাল হোসেন টের পেয়ে চোরদেরকে বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। তার চিত্কারে গাড়ির চালক মাহাবুব আলম এগিয়ে আসলে তাকেও চোরেরা কুপিয়ে জখম করে। তাদের চিত্কারে পার্শ্ববর্তী বাসা থেকে তিনি ও এলাকার লোকজন এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।