ভারতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় নেই যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:০৭

 

ভারতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো সংশয় নেই যুক্তরাষ্ট্রের। দেশটির নির্বাচন ব্যবস্থার সততা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আমেরিকার আত্মবিশ্বাস রয়েছে। ফলে যারাই জিতুক তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। অবশ্যই বিজয়ীদের সঙ্গে কাজ করবো আমরা। বুধবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গ্যান অর্টাগুস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের নির্বাচন কমিশন শক্তিশালী ও স্বাধীন হওয়ায় যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি। মর্গ্যান অর্টাগুস বলেন, আমাদের সম্পর্ক অত্যন্ত মজবুত। বহু ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বহুবার বলেছেন, আমরা একটি সত্যিকারের কৌশলগত সঙ্গী হিসেবে ভারতকে পেয়েছি।

মার্কিন পররাষ্ট্র দফতরের এ মুখপাত্র বলেন, ‘কেউ আমাকে জানিয়েছে ভারতের নির্বাচন প্রক্রিয়া মানব ইতিহাসে সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া। আমার মনে হয়, সারা দুনিয়ায় যা যা ঘটছে তা থেকে আমরা ভারতেও কিছুটা দৃষ্টি দিতে পারি এবং তাদের প্রশংসা করতে পারি।’

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট তিন শতাধিক আসনে এগিয়ে রয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, উত্তর প্রদেশ, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি আর মুম্বাইয়ে এখন পর্যন্ত গণনা থেকে ধারণা করা হচ্ছে, দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছে বিজেপি।