লঙ্কান বীরদের স্বাগত

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৫৮
কলম্বো শহর থেকে বন্দরনায়েকে বিমানবন্দরটা বেশ একটু দূরে—ঘণ্টা দুয়েকের বাস দূরত্ব। গতকাল সেটাই আরও দূরের ব্যাপার হয়ে দাঁড়ালো। এই পথটা পাড়ি দিয়ে কলম্বোতে পৌঁছাতে সমুদ্রের মতো বিশাল দূরত্ব অতিক্রম করতে হলো সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের। এই সমুদ্র শ্রীলঙ্কাকে ঘিরে রাখা ভারতসাগর নয়; এই সমুদ্র বিজয়োল্লাসে মাতোয়ারা লঙ্কান মানুষের সমুদ্র! কিছুদিন আগেই এশিয়া কাপ জিতে ফিরে শ্রীলঙ্কান দল ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে শহরে গেছে। অনেকদিন পর পাওয়া একটা ট্রফি উদযাপন করেছে তারা। কিন্তু তখনও বুঝি শ্রীলঙ্কানরা কল্পনা করতে পারেননি এক মাসের মধ্যেই এই বীর ক্রিকেটারদের নিয়ে বিশ্বজয়ের উত্সব করতে হবে তাদের। তাই করলো লঙ্কানরা। ১৯৯৬ সালের পর আরেকটি বিশ্বকাপ জিতে ফেরা বীরদের অভিবাদন জানাতে পুরো কলম্বোর মানুষই যেন রাস্তায় নেমে এসেছিল। বিমানবন্দর থেকে কলম্বো পর্যন্ত রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন কয়েক লাখ মানুষ। ছাদ খোলা বাসে বিজয়ী খেলোয়াড়দের মালা পরিয়ে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয় শহরে। সেখানে আরেক পশলা অভিনন্দন অপেক্ষা করছিলো তাদের জন্য। এর আগেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দফায় দফায় অর্থ পুরস্কার ঘোষণা করেছে দলের জন্য। সর্বশেষ তাদেরকে বোর্ড ১.৫ মিলিয়ন মার্কিন ডলার উপহার দেবে। এর আগে শ্রীলঙ্কান ক্রিকেটাররা বোর্ডের আইসিসি আয়ের ১২ শতাংশ চেয়ে আন্দোলন করছিলো। সে আন্দোলনে সফল না হলেও এই উপহারের ভেতর দিয়ে তারা কার্যত ১৭ শতাংশ অর্থ পাচ্ছেন!