বিশ্বসেরা সালমা খাতুন!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৫৯
সালমা খাতুনকে অনেকেই বাংলাদেশের ‘মেয়েদের সাকিব’ বলে ডাকতে পছন্দ করেন। সালমা নিজেও অনেকবার বলেছেন, সাকিবের মতো বিশ্বসেরা হওয়াই তার স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন সত্যি হল বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুনের। বলা ভালো, নিজের জগতে সাকিবকেও ছাড়িয়ে গেলেন তিনি। গতকাল প্রকাশিত আইসিসির নতুন র্যাংকিং অনুযায়ী এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারের নাম সালমা খাতুন! সদ্য শেষ হওয়া আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ৮ উইকেট নিয়ে সালমা আগেই আলোচনায় চলে এসেছেন। টুর্নামেন্টের মেয়েদের সেরা একাদশেও আছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। তবে সেরা স্বীকৃতিটা পেলেন এই র্যাংকিং টেবিলে। অনেকদিন ধরেই সালমা মেয়েদের বোলিং তালিকায় সেরা দশের মধ্যে আছেন। সর্বশেষ র্যাংকিংয়ে ছিলেন তিনি তিন নম্বরে। এবার ক্যারিয়ার সেরা ৬৫০ রেটিং পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো উঠে এসেছেন এক নম্বরে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন শ্রীলঙ্কার উদেশিখা প্রাবোধানিকে। সালমার এই স্বীকৃতি এলো মূলত এই বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের কারণে। এই টুর্নামেন্টে ৮.৭৫ গড়ে ৮ উইকেট নিয়েছেন। সবচেয়ে বিস্ময়কর হল, টি-টোয়েন্টির মতো এই ফরম্যাটে ওভারপ্রতি মাত্র ৩.৫৮ করে রান দিয়েছেন। র্যাংকিংয়ে তিন নম্বরে আছেন নিউজিল্যান্ডের মরনে নিয়েলেসেন। অসাধারণ উন্নয়ন ঘটিয়ে চার নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার সারা কোটে। বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল কোটে ৬ ধাপ এগিয়ে চার নম্বরে এসেছেন। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করা কোটে ফাইনালে ১৬ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। কোটের বোলিং পার্টনার পেরিও এই টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়ে সেরা দশে ফিরে এসেছেন। পেরি ১২.৮৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট। এই টুর্নামেন্টের পারফরম্যান্স দিয়েই ৮ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের আনিসা মাহমুদ। সেরা দশে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের আছেন দু’জন করে বোলার। বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের একজন করে বোলার আছেন এই তালিকায়। আইসিসি রিলায়েন্স টি-টোয়েন্টি র্যাংকিং মেয়েদের সেরা বোলার র্যাংকিং খেলোয়াড় দেশ পয়েন্ট ১ সালমা খাতুন বাংলাদেশ ৬৫০ ২ প্রাবোধানি শ্রীলঙ্কা ৬৪৯ ৩ নিয়েলসেন নিউজিল্যান্ড ৬৪৫ ৪ সারাহ অস্ট্রেলিয়া ৬৩২ ৫ হ্যাজেল ইংল্যান্ড ৬৩১