বার্সাকে ঠেকাতে সমর্থকদের দ্বারস্থ অ্যাটলেটিকো কোচ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:৫৯
কোচ দিয়েগো সিমিওনে বার্সেলোনার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লড়াইয়ের রাতটিকে স্মরণীয় করে রাখতে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকদের অবদান রাখতে বলেছেন। আজ বুধবার রাতে অ্যাটলেটিকোর মাঠ ভিচেন্তে ক্যালডেরোনে অনুষ্ঠিত হবে খেলাটি। বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে দিয়েগো অ্যাটলেটিকোকে এগিয়ে দিলেও নেইমার তা শোধ করে দিয়েছিলেন। আগের খেলাটি ১-১ গোলে ড্র হওয়ায় ফিরতি পর্বটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া দল দুটি চলতি মৌসুমে একে অপরের বিরুদ্ধে চারবার মুখোমুখি হলেও কেউ কাউকে হারাতে পারেনি। চারটি খেলাই ড্র হয়। সিমিওনে এর আগে ভিলারিয়ালের বিরুদ্ধে দলের ১-০ গোলের জয়েও সমর্থকদের নিনাদকে ব্যবহার করেছিলেন। ওই খেলায় জিতে অ্যাটলেটিকো লা লিগায় তাদের শীর্ষস্থান অব্যাহত রাখে। আর্জেন্টাইন এই কোচ চারবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার বিরুদ্ধে আসন্ন লড়াইয়েও একই কৌশল ব্যবহার করতে চাইছেন। দুই দলের কোচই জানেন প্রথম লেগ তাদের কতটা ভুগিয়েছে। কোচ জেরার্ডো মার্টিনোর বার্সেলোনা নিচের দিকের দল রিয়াল বেটিসের বিরুদ্ধে ৩-১ গোলে জিতলেও সে খেলায় কঠিন সংগ্রাম করতে হয়েছে। তাদের গোলরক্ষক ভিক্টর ভালদেস ও জেরার্ড পিকে তো ইনজুরির কারণে স্প্যানিশ রাজধানীতে অনুষ্ঠেয় খেলাটির জন্য সেখানে যেতে পারছে না। কাতালান দলটিতে পিকের ‘ডেপুটি’ মার্ক বারত্রা বিশ্বাস করেন তারা এরই মধ্যে দেখিয়েছেন ইনজুরির পরও কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। তিনি এ প্রসঙ্গে মৌসুমের প্রথম দিকে লিওনেল মেসির দুমাসের অনুপস্থিতিকে তুলে ধরেন। রক্ষণভাগের খেলোয়াড়টি ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘ইনজুরির কারণে আমাদের দুর্ভাগ্য এসেছিল। কিন্তু এই খেলোয়াড়রা দেখিয়েছে কিভাবে এ ধরনের পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব। আমাদের আবার ব্যাপারটা করে দেখাতে হবে। আমি খুবই ইতিবাচক। আমরা উতরাতে পারবো এমন পরিপূর্ণ আশা নিয়েই ক্যালডেরনে খেলতে যাচ্ছি।’ স্বাগতিকরা অবশ্য খেলাটিতে শীর্ষ গোলদাতা দিয়েগো কস্তাকে ছাড়াই মাঠে নামবে। তিনি প্রথম লেগে খেলতে নেমে আধ ঘন্টার মধ্যেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে তার কেবল মাংশপেশিতে টান পড়েছে। যদিও প্রাথমিকভাবে আরো খারাপ কিছু ভাবা হয়েছিল। তবে সিমিওনে আজ তাকে খেলানোর ঝুঁকি নিতে পারেন। কেননা ১৯৭৪ সালের পর অ্যাটলেটিকো এই প্রথম ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরটির সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আছে। কস্তা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ছয়টি খেলায় অংশ নিয়ে এ পর্যন্ত সাতবার গোল করেছেন। যদিও কোচ তাকে সর্বশেষ লিগের খেলাটিতে নামাননি। অবশ্য স্বাগতিকদের নিজ মাঠের ফর্মও তাদের অনুপ্রাণিত করতে পারে। কেননা মহাদেশীয় লড়াইয়ে সর্বশেষ ১৭টি খেলার মধ্যে ১৬টিই অ্যাটলেটিকো জিতেছে। বার্সেলোনারও আছে অনুপ্রাণিত হওয়ার মতো পরিসংখ্যান। বিশেষ করে দলটি যেখানে গেল চার বছরের মধ্যে কখনোই অ্যাটলেটিকোর মাঠে হারেনি। তাই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছাতে হলে তাদের রেকর্ডটি অব্যাহত রাখতে হবে।