‘বিগ ফোর’-এর প্রস্তাব পেয়েছিল পাকিস্তান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০৩
আইসিসির নিয়মনীতির তোয়াক্কা না করে, নৈতিকতাকে পাশ কাটিয়ে এবং ক্রিকেটারদের বৈশ্বিক সংস্থার আপত্তির পরও আজ থেকে শুরু হতে যাওয়া আইসিসির সভায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন তাদের ‘সাবেক’ সভাপতি এন শ্রীনিবাসন। সুপ্রীম কোর্টের আদেশে নিজের বোর্ডে পদ ছেড়ে দিতে হলেও আইসিসি তাকে ‘কোড অব এথিকস’ মানতে বাধ্য করছে না। শ্রীনিবাসনের এই অংশগ্রহণ ক্রিকেটের জন্য অবমাননাকর হতে পারে, তবে ভারতের তাতে কিছু যায় আসছে না। তাদের এবং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবিত সংস্কার প্রস্তাব শেষ পর্যন্ত ‘সর্বসম্মতিক্রমে’ই পাস হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় বোর্ডের পেছনে ঘুরতে থাকা টাকার জন্য সবাই এই এক লাইনে চলে আসবেন বলেই বলা হচ্ছে। এই সভার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন সভাপতি নাজাম শেঠী রীতিমতো বোমা ফাটিয়ে বলেছেন, তাদের জাকা আশরাফের সময়ে ‘বিগ ফোর’-এর অংশ হতে বলা হয়েছিল। সেটাতে ‘না’ বলে জাকা পাকিস্তানকে একঘরে করে ফেলেছেন এবং অর্থনৈতিক সংকটে ফেলেছেন বলে নাজামের দাবি। এখন তিনি যে কোনো মূল্যে ভারতের সঙ্গে বন্ধুত্ব তৈরির চেষ্টা করবেন বলে বলছেন। প্রকাশ্যে যাই বলা হোক, ‘বিগ থ্রি’র প্রস্তাবে ‘না’ বলার অপরাধেই নির্বাচিত পিসিবি সভাপতি জাকা আশরাফকে সে দেশের সরকার সরিয়ে দিয়েছে বলেই অনুমান। সে জায়গায় আবার বসানো হয়েছে এর আগে আদালতের নির্দেশে সরে যাওয়া নাজাম শেঠীকেই। নাজাম দেশ ছাড়ার আগে বলেছেন, জাকা আশরাফ প্রস্তাব পেয়েও না বলেছিলেন, ‘আইসিসির বর্তমান যারা বিগ থ্রি, তারাই শুরুতে বিগ ফোর গঠনের জন্য পাকিস্তানকে প্রস্তাব দিয়েছিল। জাকা আশরাফ সেটাতে না বলে পাকিস্তানের অনেক বড় ক্ষতি করে ফেলেছেন।’ ক্ষতিটা কী, তাও ব্যাখ্যা করেছেন নাজাম, ‘ক্রিকেটীয় বিশ্বে এখন বাকী আট দেশ এক দিকে, পাকিস্তান আরেকদিকে। ওই বিরল প্রস্তাব ফিরিয়ে দেয়ায় আইসিসির কাছে পিসিবি এখন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।’ জাকা আশরাফ স্বীকার করেছেন যে, এমন প্রস্তাব ছিল। তবে সেটা স্রেফ মৌখিক প্রস্তাব ছিল এবং ভারত পরে সেটা মানেনি বলেই দাবি করছেন এই সাবেক সভাপতি, ‘হ্যাঁ, ওরা আমাদের গ্রুপে যোগ দিতে বলেছিল। কিন্তু ফেব্রুয়ারিতে আমরা যখন আইসিসি সভায় গেলাম, ভারত বললো, বাকী দুই দেশের আপত্তিতে তারা চতুর্থ দেশ যোগ করতে পারছে না। সবচেয়ে বড় কথা, তারা যে প্রস্তাবই দিয়েছে, লিখিত কিছু না। আর মৌখিক এ প্রস্তাবে রাজী হওয়ার প্রশ্ন আসে না।’ তবে জাকা যাই বলুন, নাজাম তার অবস্থানে অটল। এখন তিনি চেষ্টা করছেন একটা সিরিজ অন্তত ভারতের সঙ্গে আয়োজন করার এবং সংস্কার প্রস্তাবে একাত্ম্য হওয়ার। এ অবস্থান প্রকাশ্যেই বলেছেন নাজাম, ‘ভারতের বিপক্ষে একটা সিরিজ পারে পিসিবির ভালো একটা আয় এনে দিতে। আমাদের আন্তর্জাতিক ক্রিকেট এতোদিন ধরে বন্ধ হয়ে আছে, ফলে এটা দরকার। আসলে ভারতের সঙ্গে না খেললে আপনি আয় করতে পারবেন না। সবাই ভারতের পেছনে লাইন দিয়েছে, কারণ ওখানেই আপনি টাকা আয় করতে পারবেন।’