অস্ট্রেলিয়ান ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পাবার মধ্য দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস। গত বছর টেস্ট দল হিসেবে নিজেদের পুনর্জাগরণে অস্ট্রেলিয়ার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডানহাতি এ পেসার।
আগামী জুলাই-আগস্টে ভারতীয় ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকান ‘এ’ দলের বিপক্ষে বেশ কয়েকটি প্রথম শ্রেণির ও সীমিত ওভারের ম্যাচ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজেই প্রধান কোচ মাইকেল ডি ভেনুটোকে সহযোগিতা করবেন ৩৪ বছর বয়সী জনপ্রিয় এ অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি নিশ্চিত করেছে।
গত মাসে হ্যারিসের হাঁটুতে অস্ত্রোপচার করা হয় এবং এ কারণে তিনি দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে আশা করা হচ্ছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনি সুস্থ হয়ে দলে ফিরবেন। এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে সে বর্তমানে বিশ্রামে রয়েছে। আর তাই এ সুযোগে নিজের ভবিষ্যতের কথা বিবেচনা করে তার কোচিং দক্ষতাও এর মাধ্যমে প্রমাণ হবে।
ইতোমধ্যেই হ্যারিস অনূর্ধ্ব-২১ স্কোয়াডে বর্তমানে অস্ট্রেলিয়ান দলে থাকা মিশেল স্টার্ক এবং প্যাট কামিন্সের সাথে কাজ করেছেন। এই স্কোয়াডে ফিলিপ হিউজ এবং এ্যালেক্স ডুলানের মত অভিজ্ঞ ব্যাটসম্যানরাও ছিলেন।
এদিকে বর্তমানে দলে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার শেন ওয়াটসনের ইনজুরির বিষয়টি বিবেচনা করেই নির্বাচকরা তার স্থানে যোগ্য কোন অলরাউন্ডারের খোঁজ করছে। এ সম্পর্কে প্রধান নির্বাচক জন ইনভারেরিটি বলেছেন, অস্ট্রেলিয়া দলে ওয়াটসনের শূন্যস্থান পূরণ করতে পারেন এমন অলরাউন্ডারের তালিকায় এগিয়ে আছেন জেমস ফকনার, মোয়েসিস হেনরিকস এবং মিশেল মার্শ। তাদের সামনে সুযোগও এসেছে নিজেদের প্রমাণের।—বাসস
