বরুশিয়া ডর্টমুন্ডের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-০ গোলে হারের পরও সেমিফাইনালে উঠতে পারায় নিজেদের ভাগ্যবানই বলেছেন ক্লাবটির কোচ কার্লো অ্যানচেলোত্তি।
অ্যানচেলোত্তি বলেন,‘এই পর্যায়ে সবগুলো খেলাই খুব কঠিন। সেমিফাইনালে উঠার ক্ষেত্রে আমরা ভাগ্যবান। সেমিতে যেতে পেরে আমরা আনন্দিত। কিন্তু যাওয়ার ধরন নিয়ে আমরা মোটেও খুশি নই। বিশেষ করে প্রথমার্ধ নিয়ে। যদিও আমরা পরে আবার খেলায় ফিরেছি।’
রিয়াল নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতে সুবিধাজনক অবস্থায় ছিল। কিন্তু মঙ্গলবার রাতে ফিরতি লেগের খেলায় প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে গিয়ে পড়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শঙ্কা দেখা দেয়। ডর্টমুন্ডের পক্ষে দুটি গোলই করেন মার্কো রিওস।
যদিও এর আগে রিয়ালের পক্ষে অ্যাঞ্জেল ডি মারিয়া পেনাল্টি থেকে গোল আদায়ে ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে আরো আক্রমণাত্মক হয়ে উঠা জার্গেন ক্লপের দলকে আর কোন গোল পেতে দেননি মূলত রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। সে সময় হেনরিখ মিকিতারিয়ানের কয়েকটি বার ঘেঁষা শট ফিরিয়ে দেন তিনি। এ জন্য অবশ্য ক্যাসিয়াস কোচের প্রশংসাও কুড়িয়েছেন।
এ ব্যাপারে অ্যানচেলোত্তি বলেন, ‘আমরা দ্বিতীয়ার্ধে ভাল অবস্থায় ছিলাম। ফুটবল খেলাটাই এরকম। আমাদের বিপক্ষের মাঠে অনেক বাজে অর্জন রয়েছে। যেমন অসংখ্য ভুল, আত্মবিশ্বাসহীনতা এবং এজন্যই আমাদের ভুগতে হয়েছে। খেলার গুরুত্বপূর্ণ সময়ে ক্যাসিয়াস অসাধারণ কিছু বল আয়ত্তে নিয়েছে। সে অনেক, অনেক ভাল খেলেছে।’
