শনিবার শুরু জাতীয় ক্রিকেট লিগ

খেলতে পারবেন না রুবেল-রবিন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩০
প্রায় সাড়ে তিন মাস ধরে চলা ক্রিকেট মহাযজ্ঞ শেষ হতে না হতেই আবার মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেট। তবে এবার আর ছোট দৈর্ঘ্যের ম্যাচ নয়। ১২ এপ্রিল, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে দেশের বৃহত্তম প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের বাকী অংশ। এই অংশ শুরুর আগে একটা বড় প্রশ্ন ছিল, বিপিএল ফিক্সিং কাণ্ডে নির্দোষ বলে প্রাথমিক রায় পাওয়া দুই ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন জাতীয় লিগে খেলতে পারবেন কি না। গতকাল এ বিষয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, এখনও পর্যন্ত এই ঘটনা পুরোপুরি মীমাংসিত না হওয়ায় তারা এই দুই ক্রিকেটারের খেলার কোনো সম্ভাবনা দেখছেন না। বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিং কাণ্ডে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্তে আরও ৭ জনের সঙ্গে অভিযুক্ত ছিলেন রুবেল ও রবিন। কিন্তু দীর্ঘ শুনানি শেষে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির গঠিত টাইব্যুনাল এই দু’জনকে নির্দোষ বলে রায় দিয়েছেন। ফলে তাদের জাতীয় লিগে খেলতে বাধা থাকার কথা নয়। কিন্তু এই রায়ে হতাশা ও বিস্ময় প্রকাশ করে আগেই আইসিসি ও বিসিবি যৌথ বিবৃতি দিয়েছে। তারা তখনই বলেছে, বিষয়টি নিয়ে আপিল করতে পারেন তারা। জালাল ইউনুস সেদিকেই দৃষ্টি আকর্ষণ করলেন, ‘আমরা এখনও রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাইনি। সেটা পেলে তবেই বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে, আমরা আপিল করবো কি না। ফলে বিষয়টি যেহেতু এখনও অমীমাংসিত, তাই আমরা বলতে পারি না যে, মোশাররফ হোসেন রুবেল ও মাহবুবুল আলম রবিন খেলতে পারবে কি না।’ তবে জালাল ইউনুস এটাও বলেছেন যে, বিষয়টা বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন দেখছেন বলে তিনিই ভালো বলতে পারবেন। সুজন এখন আইসিসি সভায় অংশ নিতে দুবাই আছেন। তিনি ফিরলে নিশ্চিত হওয়া যাবে এই দু’জন জাতীয় লিগ খেলতে পারবেন কি না। তবে এ দু’জন খেলতে না পারলেও জালাল ইউনুস নিশ্চিত করেছেন, বিশেষ সমস্যা না থাকলে তারকারা প্রায় সবাই অংশ নেবেন এই রাউন্ড থেকে। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাওয়ায় সাকিব আল হাসান অংশ নিতে পারবেন না। এছাড়া ইনজুরিতে ভুগছিলেন, এমন কয়েকজন ক্রিকেটার, মাশরাফি, মুশফিকদের এই ষষ্ঠ রাউন্ডেও বিশ্রাম দেয়া হতে পারে বলে জানা গেছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি পনেরতম এই ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলা শেষ হয়েছিল। ৮৭ পয়েন্ট নিয়ে আট দলের প্রতিযোগিতার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রাজশাহী। ৬২ পয়েন্ট নিয়ে সিলেট ও ৫৯ পয়েন্ট নিয়ে খুলনা শীর্ষ চারে রয়েছে। শনিবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনার মুখোমুখি হবে ঢাকা মেট্রো। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল। একই দিন বিকেএসপির তিন নম্বর মাঠে রাজশাহীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম। আর ফতুল্লার আউটার স্টেডিয়ামে দুই প্রতিপক্ষ সিলেট ও রংপুর। ১৯ এপ্রিল হবে সপ্তম রাউন্ডের খেলা। কক্সবাজারে মুখোমুখি হবে খুলনা-ঢাকা বিভাগ। চট্টগ্রামে খেলবে ঢাকা মেট্রো ও রাজশাহী। বিকেএসপির তিন নম্বর মাঠের দুই প্রতিপক্ষ সিলেট ও চট্টগ্রাম। ফতুল্লায় খেলবে রংপুরের প্রতিপক্ষ বরিশাল।