কথা ছিল প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের খেলা ঢাকায় অনুষ্ঠিত হবে। দেশের সে সময়কার পরিস্থিতি অনুকূলে ছিল না বলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল লিগ কমিটি। দ্বিতীয় পর্বের খেলাগুলো ঢাকা এবং ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন কয়েকটি ক্লাব ঢাকার বাইরে যেতে রাজি না। আর এই নিয়ে কাল বাফুফেতে লিগ কমিটির সভায় হট্টগোল হয়েছে। বড় কয়েকটি ক্লাব এখন নাকি ঢাকার বাইরে গিয়ে খেলতে চাইছে না। ঢাকার ক্লাবগুলো বাইরে খেলতে গেলে সেখানে নিরাপত্তা দিতে পারে না। ভালো মাঠ দিতে পারছে না। নানা রকম সমস্যায় পড়তে হয়। এই সমস্যা ছাড়াও কাল বেশ কিছু অসুবিধার কথা তুলে ধরেছেন ঢাকার বাইরে না যেতে চাওয়া ক্লাবগুলো। তাদের সাথে যোগ হয়েছে আরো কয়েকটি ক্লাব। যে কারণে গতকাল লিগ কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। লিগ কমিটি জানিয়েছে, ১৫ এপ্রিল থেকে ঢাকায় দ্বিতীয় পর্বের খেলা হবে। আর সেই সাথে লিগ কমিটির বাফুফের সভায় তুলবে পেশাদার লিগের ক্লাবগুলো ঢাকার বাইরে যাবে কিনা। আর এ নিয়ে শনিবার বাফুফের জরুরী সভা।
