উইজডেনের প্রচ্ছদে টেন্ডুলকার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:৩২
ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাকের ১৫১তম সংস্করণের প্রচ্ছদে ঠাঁই পেয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ব্যাটিং লিজেন্ড শচিন টেন্ডুলকার। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ক্রিকেটের সব রেকর্ডই বলতে গেলে নিজের করে নিয়েছেন এ ব্যাটিং ঈশ্বর। অ্যালামনাকের প্রচ্ছদে ঠাঁই পাওয়া প্রথম ভারতীয় ক্রিকেটারও ছিলেন টেন্ডুলকার। উইজডেন ইন্ডিয়া অ্যালামনাকের দ্বিতীয় সংস্করণের প্রচ্ছদে ঠাঁই পেয়েছিলেন তিনি। গত বছর নভেম্বরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের শেষ ইনিংস খেলে টেন্ডুলকারের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ছবিটি স্থান পেয়েছে হলুদ রঙের পৃষ্ঠায়। ছবিটিতে টেন্ডুলকারকে তার ব্যাট উঁচিয়ে ভক্তদের অভিনন্দনের জবাব দিতে দেখা গেছে। উইজডেন সম্পাদক লরেন্স বুথ বলেন, ‘শচিন খুব সাধারণভাবেই নিজকে তুলে ধরেছেন। তার অবস্থান এবং খেলাটির প্রতি প্রভাব প্রশ্নাতীত। এ বছরের এ্যালামনাকে ব্যতিক্রমধর্মী একজনের ক্যারিয়ারের ছবি যুক্ত করে তার প্রতি অভিনন্দন জানাতে পেরে উইজডেন গর্বিত।’ ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক এবং অস্ট্রেলিয়া মাইকেল ক্লার্কের রেকর্ডের সঙ্গে ৪০ বছর বয়সী টেন্ডুলকারের রেকর্ডেরও তুলনা করে উইজডেন।