সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক খারাপ থাকার কথা অস্বীকার করে বরং তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। গতকাল টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে পিটারসেন দাবি করেন, অস্ট্রেলিয়ায় এ্যাশেজ সিরিজ খেলতে গিয়ে অবসাদগ্রস্ত হয়ে দেশে ফেরা জনাথন ট্রটকে তিনিই প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।
ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে দেয়া এক সাক্ষাত্কারে ৩৩ বছর বয়সী পিটারসেন বলেন, ‘মানুষ যা ভাবছে আসলে বিষয়টি তার বিপরীত। ইংল্যান্ড দলের অধিকাংশ খেলোয়াড়ের সঙ্গেই আমার ভালো সম্পর্ক ছিলো। তাদের প্রতি আমার সবসময়ই সজাগ দৃষ্টি ছিল। কেউ যদি কোন সমস্যায় পড়ে তবে তাদের পাশে দাঁড়াতে এবং দু’হাত বাড়িয়ে আগলে রাখতে পছন্দ করি।’ পিটারসেন দাবি করেন, চাপ সামলাতে বেশ সমস্যার কথা ট্রট সর্বপ্রথম তাকেই জানিয়েছেন। ব্রিজবেনে প্রথম টেস্টের এই মানসিক সমস্যার কারণে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে বাধ্য হন ট্রট। পিটারসেন বলেন, ‘সে (ট্রট) বলেছে, তার সমস্যার কথা আমাকেই প্রথম জানিয়েছে। আমি তাকে বললাম, তার কিছুটা বিশ্রাম দরকার এবং সে নিজের ওপর খুব বেশি চাপ নিচ্ছে।’
