সিরিয়ায় বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে নিহত অর্ধশতাধিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৪, ২০:৪১
সিরিয়ার পূর্বাঞ্চলে দুই প্রতিপক্ষ ইসলামি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। মূলত অঞ্চল দখলকে কেন্দ্র করে বৃহস্পতিবার তাদের দু’পক্ষের ভেতর সংঘর্ষ বাধে। ওদিকে দেশটির পশ্চিমদিকে একটি শহরে সরকারি বাহিনীর গোলার আঘাতে অন্ততপক্ষে চার কিশোর নিহত হয়েছে। দেশটির বিরোধী গ্রুপ এ খবর জানিয়েছে। ইরাক সীমান্তের নিকটে অবস্থিত তেলসমৃদ্ধ ডেইর আল জোর প্রদেশের বুকামাল শহরে এদিন আল-কায়েদার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং আল-কায়েদা সমর্থিত আল নুসরা ফ্রন্ট ও অন্য গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হয়। কয়েকমাস ধরেই তারা অঞ্চল দখল নিয়ে লড়াই চালিয়ে আসছে। এর আগে দু’পক্ষই একত্রে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছ থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই বিদ্রোহী-বিদ্রোহী লড়াইয়ে ৫১ জন নিহত হয়েছে। তবে নিহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। দেশটিতে সহিংসতা ও রক্তপাতের এ যেন এক নতুন উপাখ্যান রচিত হল। ২০১১ সাল থেকেই দেশটিতে আসাদ শাসনের বিরুদ্ধে এ সহিংসতা চলে আসছে। এছাড়া বিভিন্ন বিদেশি জঙ্গিদের নিয়ে আল-কায়েদার সাথে সংশ্লিষ্ট গ্রুপগুলো দেশটির বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদিও এ বছরের শুরুর দিকে বিশেষ করে দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে হানাহানি ও সংঘর্ষের ঘটনা ঘটে।