মোহামেডান এবং সকার ক্লাবের মধ্যকার মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালের আগে দুই দলের কোচের মধ্যে একটা কথার লড়াই হয়ে গেলো। ফেনীর সকার ক্লাবের গম্বিয়ান কোচ ওমর সিসে এবং মোহামেডানের পর্তুগীজ কোচ রুই বাতিস্তা ক্যাপেলা আজকের ফাইনালটির আগে একে অপরকে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ওমর সিসে বলেছেন ‘ওরাও এগারো জন আমরাও এগারো জন।’ রুই ক্যাপেলা বলেছেন ‘মনে রাখতে হবে গত ১৪ ম্যাচে আমরা ২১ গোল করেছি।’
শুধু কোচরাই নয় দুই দলের অধিনায়করাও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বিকাল ৫টার ফাইনালের আগে বাক্যবাণ ছড়িয়েছেন কাল। সকার ক্লাবের আকবর হোসেন রিদন মোহামেডানের উদ্দেশ্যে বলেছেন, ‘আমরা হারলে স্টেডিয়ামে আটকে থাকবো না।’ পাল্টা জবাবে জাহিদ হোসেন এমিলি বলেছেন, ‘ফেনীর ক্লাবের চেয়ে আমাদের প্রেসারটা বেশি।’
কোচ অধিনায়কদের কথার ঝাল বুঝিয়ে দিচ্ছে মাঠের লড়াই তীব্র হয়ে উঠবে। তা ঢাকার বাইরের সকার ক্লাব মোহামেডানের চেয়ে যতই পিছিয়ে থাকা দল হোক না কেন। তাছাড়া ফাইনালের মঞ্চে যোগ্যতা নিয়েই খেলতে এসেছে ফেনী জেলার ফুটবল ক্লাবটি। ব্রাদার্সকে হারানো আর বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেলের বিদায় তো সকার ক্লাবের সাথেই হয়েছে।
পেশাদার ফুটবল লিগের সপ্তম আসর চলছে এখন। মোহামেডান গত ৬টি আসরে ট্রফি ঘরে তুলতে ব্যর্থ হলেও টুর্নামেন্ট ভাগ্য ভালো তাদের। কিন্তু ভাগ্যের উপর ভর করতে নারাজ পর্তুগীজ কোচ রুই ক্যাপেলা। ৯০ মিনিটে গোল না হলে আরো ত্রিশ মিনিট পাওয়া যাবে। ক্যাপেলার বিশ্বাস সে পর্যন্ত দৌড়াতে পারবে না সকার ক্লাব। তার পরও পর্তুগীজ কোচের কণ্ঠ থেকে বেরিয়ে এলো ‘কঠিন ফাইনাল হবে আজ।’
মোহামেডান কোচ জানিয়ে দিয়েছেন, তিনি ৪-৩-৩ ফরমেশনে খেলবেন। চারজন ডিফেন্ডার খেলবে। আর সকার ক্লাবের কোচ ওমর ফরমেশন নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। জানতে চাইলে বলেছেন, ‘আমি ট্যাকটিক্যাল বিষয়ে কথা বলব না। ফাইনাল ম্যাচের পর কথা। আগে কিছু নয়।’
সকার ক্লাব অবশ্য মোহামেডান যে বড় দল সেটা মাথায় রেখে সমীহ করেই মাঠে নামবে। সে কারণে সকার ক্লাবের কোচ বলছেন, ‘আমরা জানি মোহামেডানকে হারানোটা সহজ হবে না। তার পরও জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। আবাহনী হলে বলে দিতে পারতাম। কিন্তু আমাদের কাছে মোহামেডান বেটার টিম।’
ফাইনাল ম্যাচ মানেই সুন্দর ফুটবলের প্রদর্শনী হতে পারে। কিন্তু ফুটবলের সৌন্দর্য দেখা যাবে না সেটা আগে-ভাগেই জানিয়ে রাখলেন ওমর সিসে। বলেছেন, ‘ডেকোরেটেড ফুটবল খেলবো না। ফাইনাল জেতার জন্য যে খেলাটা খেলা দরকার সেটাই খেলবো।’
সকার ক্লাবের বড় অস্ত্র গাম্বিয়ান তিন ফরোয়ার্ড, মোহামেডানের রক্ষণভাগ ভেঙ্গে দেয়ার মতো যথেষ্ট শক্তিশালী। কিন্তু রুই ক্যাপেলা বলছেন, ‘পারবে না। ওদেরকে থামানোর জন্য আমার ডিফেন্ডাররা যথেষ্ট।’ মোহামেডান কোচের এমন কথার কারণ নাইজেরিয়ান একজন ডিফেন্ডার যোগ হওয়ায় তাদের রক্ষণভাগ আগের চেয়ে মজবুত হয়েছে। লম্বা শরীরের এই ডিফেন্ডার দারুণ পরিশ্রমি, দুই পাশ দৌড়ে খেলতে পারেন এবং কর্নার পেলে ষ্ট্রাইকিং পজিশনে যান হেড করার জন্য।
খেলোয়াড়দের উদ্দেশ্যে মোহামেডানের শেষ কথা, ‘প্রেসার আমাদের। কারণ সমর্থক নির্ভর দল এটি। অতএব খেলোয়াড়দের দায়িত্বটা অনেক বেশি।’ আর সকারের কোচের শেষ কথা হচ্ছে ‘সকার চ্যাম্পিয়ন হলে অবাক হয়ো না কেউ।’
নামের বিচারে ফুটবল অনুরাগীরা মোহামেডানকে এগিয়ে রাখবেন। তবে জেলার একটা দল বড় বড় বাধা টপকে ফাইনালে মোহামেডানের মুখোমুখি হওয়টাই অনেক বড় স্বার্থকতা। এখন চ্যাম্পিয়ন হলে ফেনীর ফুটবল সাফল্যে নতুন পালক যোগ হবে, এতে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মধুমতি ব্যাংক স্বাধীনতা কাপ ফুটবল ফাইনালটি আজ বিকাল ৫টায় বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার করবে।
