আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন, এফএ কাপ জিতে তার দল নয় বছরের শিরোপা খরা কাটাতে চায়। আজ শনিবার লন্ডনের ওয়েম্বলিতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন উইগান অ্যাথলেটিকের বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার আগে এ মন্তব্য করেন ফরাসি কোচটি।
কোচ ওয়েঙ্গারের দল মৌসুম জুড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকলেও শেষদিকে এসে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছে। তাই এফএ কাপ এবং লিগ কাপের আগে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা ধরে রাখার দিকেই এখন তার নজর বেশি থাকবে বলেও জানিয়েছেন ওয়েঙ্গার।
উইগান গেল বছরের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এ কাপটি জিতেছিল। তাই তারা সেমিফাইনালে আরেকটি বড় ক্লাবকে হটানোর চেষ্টাই চালাবে। সে অর্থে কোচ ওয়েঙ্গারের জন্য কাজটা কঠিনই। তবে আর্সেনাল প্রতিযোগিতার দশবারের বিজয়ী। এর মধ্যে ওয়েঙ্গার চারবার কাপটি জিতেছেন। মুশকিল হচ্ছে, তার সর্বশেষ জয়টি আবার ২০০৫ সালের। এরপর আর কোনো কাপই জেতেননি ফরাসি এই কোচ।
ওয়েঙ্গার বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ সবসময়ই আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। নতুন মৌসুম শুরু হওয়ার প্রাক্কালে এটি আমার ন্যূনতম লক্ষ্য হিসেবেই থাকে। কিন্তু এটা ভাবার অবকাশ নেই যে, ট্রফি জয় ছাড়া অন্য কোনো ভাবনাতে আমি জীবনের প্রতিটি দিন উত্সর্গ করছি। সবাই এটির জন্য চেষ্টা চালায়। আমরা সবাই কিছু না কিছু জেতার জন্যই লড়াই চালাই। আপনি যদি এফএ কাপের কথাই ধরেন তাহলে সবাই মৌসুমের শুরুতে এটি জয়ের স্বপ্ন দেখে।’
গানার্স কোচ আরো বলেন, ‘মৌসুমের শুরুতে মাত্র সাতটি ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখতে পারে। অপরদিকে কাপের স্বপ্ন দেখে সবাই এবং এটিই এফএ কাপের মহিমা। আমরা আবারো ওয়েম্বলিতে ফিরব এবং এটি সত্যিই দারুণ ব্যাপার।’
আর্সেনাল সর্বশেষ ২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে এফএ কাপ জিতেছিল। ১৯৯৬ সালে ক্লাবটির দায়িত্ব নেয়া ওয়েঙ্গার এরপর দলকে আর কোনো শিরোপা জেতাতে পারেননি। সর্বশেষ লিগ শিরোপার লড়াইয়ে পিছিয়ে পড়ার পর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারানোর শঙ্কাতেও রয়েছে দলটি।
কেননা ৩৩ খেলায় ৬৪ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে চতুর্থ স্থানে। কিন্তু এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তাদের সামনে হুমকি হয়ে দাঁড়িয়েছে এভারটন।
এদিকে এফএ কাপের অপর সেমিফাইনালে আগামীকাল রবিবার হাল সিটি ও শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে। হাল অবশ্য কখনোই এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারেনি। এমনকি তাদের সর্বশেষ সেমিফাইনালে খেলার ইতিহাসও ৮৫ বছর আগের।
