ফরিদপুরের সদরপুর উপজেলার দক্ষিণ শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র মন্ডলকে (৫৫) এলাকার চিহ্নিত সন্ত্রাসী কবির মোল্যা (২৬) বিদ্যালয় অফিস কক্ষে ঢুকে বেদম মারপিট করে আহত করার খবর পাওয়া গেছে। বর্তমানে প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র মন্ডল সদরপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার উক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বুধবার দুপুরে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শৌলডুবী গ্রামের করিম মোল্যার কন্যা কেয়ামনি ক্লাস ফাঁকি দেয়ার কারণে প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র মন্ডল তাকে শাসন করে। এই ঘটনা কেয়ামনি তার চাচা সন্ত্রাসী কবির মোল্যাকে জানালে সে ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনীসহ দক্ষিণ শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে জোরপূর্বক ঢুকে প্রধান শিক্ষককে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটাইয়া গুরুতর আহত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র মন্ডল বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
