থাইল্যান্ডের সীমান্তবর্তী গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন সাত মাদক চোরাকারবারি নিহত হয়েছে। পরে তারা সেখান থেকে মাদকজাতীয় কয়েক লাখ ট্যাবলেট উদ্ধার করে।
শনিবার কর্তৃপক্ষ জানায়, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াংবাই প্রদেশের পার্বত্য এলাকায় শুক্রবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তারা সীমান্ত অতিক্রমের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে থামতে বলে। কিন্তু তারা থামতে অস্বীকার করায় বন্দুকযুদ্ধ শুরু হয়।
স্থানীয় সীমান্ত টাস্কফোর্সের এক কর্মকর্তা টেলিফোনে বলেন, ‘সংঘর্ষস্থল পরিষ্কার করার সময় আমরা সেখান থেকে গুলিতে নিহত সাতজনের লাশ ও ছয় ব্যাগ ভর্তি মাদকজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছি।’
উল্লেখ্য, গোল্ডেন ট্রায়াঙ্গলসহ থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রায়ই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে থাকে।
