রোনালদোকে নিয়ে দুশ্চিন্তা নেই অ্যানচেলোত্তির

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২২:০৮
তারকা উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর ইনজুরিকে কোন সমস্যা হিসেবেই দেখছেন না রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। বরং আশা প্রকাশ করে বলেছেন, বুধবার বার্সেলোনার বিপক্ষে কিংস কাপের ফাইনালে এই পর্তুগীজ অধিনায়কের সুস্থতা তিনি কামনা করছেন। চলতি মৌসুমের দুটি বড় আসরের গুরুত্বপূর্ণ ম্যাচেই হাঁটুর ইনজুরি বেড়ে যাওয়ায় খেলার আশা প্রায় নেই বললেই চলে লা লিগা এবং চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর। হাঁটুর ইনজুরির পাশাপাশি বাম পায়ের উরুর পেশীর সমস্যা দেখা দেয়ায় কোপা ডেল রে’র ফাইনাল এবং চ্যাম্পিয়নস লীগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে তাকে না পাওয়ারই আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই আনচেলত্তি নিশ্চিত করেছেন ২৯ বছর বয়সী এই উইঙ্গার শনিবার ঘরের মাঠে লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে খেলছেন না। কিন্তু ইনজুরির মাত্রা ততটা গুরুতর না হওয়ায় এখনো বার্সেলোনার বিপক্ষে ফাইনালে তার খেলার সম্ভাবনা সবাই আশা করছে বলেও আনচেলত্তি জানিয়েছেন। অনুশীলন পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল বস এ সম্পর্কে বলেছেন, ‘আমি এখনো জানিনা বুধবার আদৌ তার খেলা সম্ভব কিনা। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে এই ধরনের ইনজুরিতে রোনালদো নিজেও বেশ হতাশ। শতভাগ ফিট না হলে সে খেলবে না। কাপ ফাইনালে সে যদি মাঠে নামতে পারে, তবে বোঝা যাবে ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।’ রোনালদোকে হারানোয় এই মুহূর্তে রিয়ালের ট্রেবল জয়ের আশাও খানিকটা ম্লান হয়ে গেছে। লা লিগায় রিয়াল বর্তমানে অ্যাটলেটিকো মাদ্রিদের তুলনায় তিন পয়েন্ট ও বার্সেলোনার থেকে দুই পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে রয়েছে। আগামী ২৩ এপ্রিল চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা। একমাত্র স্প্যানিশ দল বার্সেলোনা কোচ পেপ গার্দিওলার অধীনে ২০০৮-০৯ মৌসুমে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ, লা লিগা এবং কিংস কাপের শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছিল। —বাসস